প্রণোদনা গ্রহণ করেও কর্মী ছাঁটাই করছে পোশাক কারখানা: সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া
বাংলাদেশে বিরাজমান করোনা দুর্যোগে বিভিন্ন পোশাক কারখানায় প্রায় অর্ধলক্ষ শ্রমিক চাকুরি হারিয়েছেন। রপ্তানি অর্ডার কমার অজুহাতে জনবল ছাঁটাই করার আতঙ্কে রয়েছেন পোশাক কর্মীরা।এ নিয়ে কোন না কোন কারখানা বা শিল্পাঞ্চলে প্রায় প্রতি সপ্তাহেই বিক্ষোভ দেখা দিচ্ছে।
দেশজুড়ে গার্মেন্টস কর্মী ছাঁটাইয়ের এমন ইঙ্গিত অবশ্য জুনের শুরুতেই দিয়েছিলেন তৈরী পোশাক শিল্প মালিক ও রপ্তানীকারকদের সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি ড. রুবানা হক্।
বিজিএমইএ সভাপতির বক্তব্যের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মুখে এখন বিজিএমইএ নেতারা আশ্বাস বাণী শুনিয়ে বলছেন, শিগগিরই সংকট কাটিয়ে আগের রূপে ফিরবে পোশাক খাত। তাই কিছুদিন বেকার থাকলেও সব শ্রমিকই তিনমাসের মধ্যে কাজে ফিরবেন এমন আশ্বাস কারখানা মালিকদের।
এদিকে, শ্রমিকদের আগামী তিনমাসের বেতনের সমপরিমাণ অর্থ স্বল্প সুদে লোন হিসেবে বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি আবেদন করেছেন পোশাক খাতের উদ্যোক্তাগণ। পোশাক খাতে উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ’র নেতারা অর্থমন্ত্রীর বরাবরে এ আবেদন করেছেন।
তবে এ প্রসঙ্গে সরকার সমর্থক বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগ-এর সভাপতি সিরাজুল ইসলাম রনি রেডিও তেহরানকে বলেন, শ্রমিকরা এমনিতে করোনা ঝুঁকির মধ্যে রয়েছে। এরপর তাদের ওভারটাইম করার সুযোগ কমে গেছে; চাকুরী হারানোর আতঙ্ক চলছে। এর মধ্যে ছাঁটাই হচ্ছে শ্রমিক।
এ শ্রমিক নেতা আরো দাবি করেন, এর আগে পোশাক শিল্প খাতের জন্য সরকারের প্রণোদনার অর্থ অনেক কারখানা গ্রহণ করেও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে নি। উল্টো শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এ অবস্থায় নতুন করে প্রনোদনা বরাদ্দ দেয়ার আগে এটা নিশ্চিত করতে হব যেন সেটা সরাসরি শ্রমিকের হাতে যায়। তবে এ মুহুর্ত শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হলে তাদেরকে জীবন ধারণের মতো খাদ্য সহায়তা দিতে হবে, কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য বিতরণ করতে হবে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভাটা পড়েছে। করোনার মন্দায় তিন মাসে এ খাতের রপ্তানি আদেশ বাতিল বা স্থগিত হয়েছে ৩১৮ কোটি ডলারের। এতে কমছে আয়, এমন অজুহাতে বিভিন্ন কারখানায় চলছে শ্রমিক ছাঁটাই। তার পরও বিজিএমইএ নেতারা বলছেন, ৩৫/৪০ লাখ শ্রমঘন শিল্পে কয়েক হাজার শ্রমিক ছাঁটাই বড় ঘটনা নয়।
এদিকে, ঢাকার অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলের অনেকগুলি কারখানার কয়েকহাজার শ্রমিক ছাটইয়ের প্রতিবাদে চলতি সপ্তাহে রাজধানীতে এক প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে ক’য়েকটি শ্রমিক সংগঠন। তাদের দাবির সমর্থনে বৃহত্তর আন্দোলন ঘোষণা করারও হুমকি দিয়েছেন শ্রমিক নেতারা।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।