করোনা বিষয়ে সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে: ফখরুল
-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করেছে, দেশের এই করোনা মহামারিতে সবচেয়ে সামনের সারিতে কাজ করার কথা ছিল যে স্বাস্থ্য বিভাগের সে স্বাস্থ্য বিভাগে দুর্নীতি ছেয়ে গেছে।
রোববার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী হোমিওপ্যাথি দলের উদ্যোগে ‘হোমিওপ্যাথিক করোনা ভাইরাস প্রতিষেধক ওষুধ’ বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই লেজেগোবরে অবস্থা হয়ে গেছে। স্বাস্থ্যখাতকে চরম অবহেলা এবং করোনা সংক্রমণের পর সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে এ করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল বলেন, এখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। দেশে যে স্বাস্থ্য অধিদপ্তর আছে, তারা একেক সময় একেক কথা বলছে এক এক রকম কাজ করছে।
তিনি বলেন, সরকার জানেনই না তারা এখন কী করবেন। স্বাস্থ্য অধিদপ্তর দেশের মানুষকে যে গাইড লাইন দেবে সেটাও তারা দিতে পারেননি। বিএনপি মহাসচিব বলেন, এই চরম দুরবস্থার মধ্যে সারাদেশের মানুষ আজ অসহায় হয়ে গেছে। তারা কোনো দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে না। সরকারের ভুল নীতির কারণে সমগ্র দেশে করোনা ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমাদের জাতির এটাই দুর্ভাগ্য যে, এমন একটা সরকার এই দেশ শাসন করছে, যারা কোনো নির্বাচিত সরকার নয়; যাদের কোনো জবাবদিহিতা করতে হয় না।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।