বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩,৭৭৫, মৃত্যু ৪১, সুস্থ ২,৪৮৪
https://parstoday.ir/bn/news/bangladesh-i81100-বাংলাদেশে_২৪_ঘণ্টায়_করোনা_শনাক্ত_৩_৭৭৫_মৃত্যু_৪১_সুস্থ_২_৪৮৪
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে আরও ৪১ জনের। আর সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৪৮৪ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০১, ২০২০ ১০:৩৭ Asia/Dhaka
  • অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
    অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে আরও ৪১ জনের। আর সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৪৮৪ জন।

আজ (বুধবার) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৮৯৮টি। আগের নমুনা মিলে পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৭৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি।

নাসিমা সুলতানা জানান, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৪৯ হাজার ২৫৮ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ জনে। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.১২ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.০৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ। সুস্থতার মোট হার ৪১.৬১ শতাংশ।

বাইরে বের হবার নিষেধাজ্ঞা শিথিল

করোনাভাইরাসের সংক্রমণে সীমিত চলাচলের সময় তিন ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার (৩০ জুন) বিকেল নতুন একটি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না। আগের নির্দেশনায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছিল এ নিষেধাজ্ঞা ।

নতুন নির্দেশনাতেও বলা হয়, বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পুলিশের প্লাজমা ব্যাংক

দেশের করোনা সংক্রমণের দিক থেকে রাজধানী ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। করোনার হটস্পট বলে চিহ্নিত নারায়ণগঞ্জে ইতোমধ্যে আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৯২ জন পুলিশ। তবে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪০ জন।

এসব সুস্থ হওয়া পুলিশ সদস্যদের কাছ থেকে রক্তের প্লাজমা নিয়ে একটি প্লাজমা ব্যাংক তৈরি করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। জেলার পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানিয়েছেন, এই প্লাজমা শুধু আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য নয়, যে কোনও সাধারণ রোগীকেও সরবরাহ করা হবে, যদি তার রক্তের গ্রুপের সঙ্গে মিল থাকে।

বরাবরের মতো করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।