বাংলাদেশে করোনায় মৃত্যু প্রায় দুই হাজার, ওয়ারীতে লকডাউন শুরু
বাংলাদেশে করোনা ভাইরাসে একদিনের ব্যবধানে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩২৮৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ যাবত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৯৭ জনে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। এ ছাড়া, এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৭২১ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৮৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৭২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৩২ হাজার ৭৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২২৮ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৬৩৭ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭০ হাজার ৭২১ জনে।
আরো একজন চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক চিকিৎসক অধ্যাপক ডা. কেএম মুন্তাকিম চৌধুরী। শনিবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। ডা. কেএম মুন্তাকিম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে মুন্তাজিম চৌধুরীও। চিকিৎসকদের সংগঠন এফডিএসআর জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় ৬০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।
ওয়ারীতে লকডাউন শুরু
আজ শনিবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে পুরান ঢাকার ওয়ারীর কিছু অংশ লকডাউন কর্যকর করা হয়েছে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটির প্রথম এলাকা হিসেবে লকডাউন শুরু হলো ওয়ারীতে। আজ ভোর থেকেই মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহে খোলা হয়েছে তিনটি সুপারশপ। এছাড়া কন্ট্রোলরুমে ফোন দিয়েও সেবা পাবেন বাসিন্দারা। এর আগে পরীক্ষামুলকভাবে লকডাইন কার্যকর করা হয়েছে রাজধানীর পূর্ব রাজা বাজার এলাকায়।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।