করোনা প্রাদুর্ভাবে অর্থনীতির চাকা সচল রাখতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলুন: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i81195-করোনা_প্রাদুর্ভাবে_অর্থনীতির_চাকা_সচল_রাখতে_কঠোর_স্বাস্থ্যবিধি_মেনে_চলুন_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে তৈরি পোশাক শিল্প ও অন্যান্য শিল্পে ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি দিতে বিজিএমইএ এবং বিকেএমইএর প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০২০ ১৬:০৯ Asia/Dhaka
  • সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
    সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে তৈরি পোশাক শিল্প ও অন্যান্য শিল্পে ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি দিতে বিজিএমইএ এবং বিকেএমইএর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (৪ জুন) সকালে নিজের সরকারি বাসভবনে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এসময় বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সঙ্গে অমানবিক আচরণ এবং শিক্ষার্থীরা মেসে থাকছে ভাড়া দিয়ে, তাদের মালপত্র ফেলে দেওয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সংকটে অনেকের আয় কমেছে, হারিয়েছে চাকরি, আবার কেউ কেউ পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন, এমন পরিস্থিতিতে একে অপরের প্রতি সমব্যাথী হতে হবে। পরিস্থিতির বিবেচনায় একটু সহনশীল হউন। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করুন।’

তিনি আরও বলেন, ‘এটাও সত্য কোনো কোনো বাড়িওয়ালা আছেন ভাড়া থেকে আয়ই তার একমাত্র উৎস। আবার ব্যাংক লোনও থাকতে পারে।’ পরিস্থিতি বিবেচনায় দুপক্ষকেও ধৈর্য্য, সহনশীল ও মানবিকতার আশ্রয় নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি ঋণখাতের অধিকাংশ ঋণগ্রহিতা প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনে করোনার আকস্মিক অভিঘাত নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকেই সঞ্চয় ভেঙে চলছে। অন্যদিকে ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় তাদের ওপর কিস্তি শোধের বাড়তি চাপ জীবনযুদ্ধ থেকে তাদের ছিটকে ফেলতে পারে। ভেঙে দিতে পারে মনোবল।’

তিনি আবারও স্মরণ করে দিয়ে বলেন, সড়ক-মহাসড়কের ওপরে কিংবা আশপাশে পশুরহাট বসানো যাবে না। প্রয়োজনে এ বছর কমসংখ্যক হাট বসানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে। এক্ষেত্রে অনলাইনে পশু বেচা-কেনার বিষয়টিও বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মীয় অনুভূতির পাশাপাশি কোরবানি ঈদকেন্দ্রিক অর্থনীতির সঙ্গে অনেক মানুষের জীবন ও জীবিকা সংযুক্ত। পশুপালন, অ্যানিমেল ফার্মিং, পশুর চামড়া রপ্তানিসহ ঈদ-অর্থনীতি দেশের সার্বিক অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জীবনের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের যে অবস্থান তা এগিয়ে নিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।