বাংলাদেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১৬৩, সুস্থ ৪৯১০
বাংলাদেশে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৪২৪ জন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৩ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন।
আজ (মঙ্গলবার) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৫৩টি নমুনা। এর মধ্যে ৩ হাজার ১৬৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৩.৫১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তে হার ১৯.৬৭ শতাংশ।
চট্টগ্রামে মহিলা চিকিসকের মুত্যু
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক সুলতানা লতিফা জামান আইরিন মারা গেছেন। আজ দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম মুইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটির (এফডিএসআর) হিসাব অনুযায়ী, করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৮ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ডাক্তার সাবরিনা চৌধুরীকে ডিবিতে জিজ্ঞাসাবাদ
বহুল অলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ও চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুয়া করোনা টেস্ট রিপোর্ট তৈরির অভিযোগসহ চার মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবরিনা চৌধুরীকে।
গতকাল সোমবার রাতে মামলাটি তেজগাঁও থানা থেকে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়।
এর আগে ডা. সাবরিনা চৌধুরীকে রোববার দুপুরে আটক করে তেজগাঁও থানা পুলিশ। গতকাল তাকে আদালতে তুলে চার দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।