করোনাভাইরাস: বাংলাদেশে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭০৯, সুস্থ ১৩৭৩
বাংলাদেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৮১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭০৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৩৭৩ জন।
আজ (শনিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৬৩২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯২৩টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭০৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ২ হাজার ৬৬ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৩৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৫৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ৪০ জন এবং নারী ৫৪১ জন।’
বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ বছর ২১ জন, ৪১ থেকে ৫০ বছর ১ জন, ৫১ থেকে ৬০ বছর ১৫ জন, ৬১ থেকে ৭০ বছর ৫ জন, ৭১ থেকে ৮০ বছর ১০ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।’
বিভাগভিত্তিক বিশ্লেষণ করে তিনি বলেন, ‘ঢাকা বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহ ১ জন এবং বরিশালে বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৩২ জন এবং বাসায় ২ জন মৃত্যুবরণ করেছেন।’
এসময় তিনি শারীরিক সুস্থতার জন্য মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ বরেন।

আরও এক চিকিৎসকের মৃত্যু
এদিকে, রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর'স সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. আবুল হোসেন খান চৌধুরী। গত ১৮ দিন যাবৎ তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জন চিকিৎসক মারা গেছেন বলে জানান ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু
ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে গত দুইদিনে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিল ১১ জন। বাকি ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৬ ও ১৭ জুলাই এই দুই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ১৬ ও ১৭ই জুলাই রাত সাড়ে ১২টা এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন করোনা পজেটিভ ছিল। বাকি ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।