বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত, করোনামুক্তির ফরিয়াদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i81915-বাংলাদেশে_স্বাস্থ্যবিধি_মেনে_ঈদুল_আজহার_জামাত_অনুষ্ঠিত_করোনামুক্তির_ফরিয়াদ
করোনাভাইরাস মহামারিসহ সব ধরনের রোগবালাই থেকে মানবজাতিকে হেফাজতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানিয়ে বাংলাদেশের বিভিন্নস্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর পরই শুরু হয় পশু কোরবানি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০১, ২০২০ ০৭:০০ Asia/Dhaka
  • বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত
    বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

করোনাভাইরাস মহামারিসহ সব ধরনের রোগবালাই থেকে মানবজাতিকে হেফাজতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানিয়ে বাংলাদেশের বিভিন্নস্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর পরই শুরু হয় পশু কোরবানি।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আজ (শনিবার) সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান ইমামতি করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। করোনার কারণে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় ৭টা ৫০ মিনিটে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় ৮টা ৪৫ মিনিটে। এছাড়া চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় ৯টা ৩৫ মিনিটে, পঞ্চম জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ১০টায় এবং ষষ্ঠ ও শেষ জামাত অনুষ্ঠিত হয় ১১টা ১০ মিনিটে।

ঈদ জামাত উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ পথে বসানো হয় জীবাণুনাশক স্প্রে বুথ। নামাজের আগে মসজিদে মাইক থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে বলা হয়। বেশিরভাগ মুসল্লিই স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন। তবে মসজিদের প্রবেশ পথে সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না।

বঙ্গভবনে দরবার হলে অনুষ্ঠেয় ঈদের জামাতে অংশ নেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ

করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো এই ঈদেও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তাই এই ঈদেও বঙ্গভবনে দরবার হলে অনুষ্ঠেয় ঈদের জামাতে অংশ নেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বরাবরের মতো নামাজ পরবর্তী শুভেচ্ছা বিনিময় পর্বটিও অনুষ্ঠিত হবে না।

এর আগে এক ভিডিও বার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।