দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত তথ্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে: সিপিডি
https://parstoday.ir/bn/news/bangladesh-i82312-দেশের_অর্থনৈতিক_প্রবৃদ্ধি_সংক্রান্ত_তথ্যকে_রাজনৈতিকভাবে_ব্যবহার_করা_হচ্ছে_সিপিডি
বাংলাদেশের বেসরকারি অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিপিডি দাবী করেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত তথ্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে যা অনেক ক্ষেত্রে বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০২০ ১৩:৫৬ Asia/Dhaka
  • সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন
    সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

বাংলাদেশের বেসরকারি অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিপিডি দাবী করেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত তথ্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে যা অনেক ক্ষেত্রে বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বিদায়ী অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব নিয়ে আজ রোববার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন এমন মন্তব্য করেন সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। গত সপ্তাহে বিবিএস প্রকাশিত তথ্য অনুযায়ী ৩০ জুন সমাপ্ত গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ দেখানো হয়েছে। 

এ প্রসঙ্গে সিপিডি গবেষকগণ মনে করেন, তথ্য–উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও তা প্রকাশের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান বিবিএসের স্বাধীনতা দিন দিন খর্ব করা হচ্ছে। এ অবস্থায় একটি পরিসংখ্যান কমিশন তৈরি করার সুপারিশ করেছে সিপিডি।

সিপিডি’র নির্বাহী পরিচালক বলেছেন, পরিসংখ্যান ব্যুরোর দেওয়া জিডিপির হিসেবে করোনার প্রভাব তেমনভাবে প্রতিফলিত হয়নি। তিনি বলেন, প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জিত করে লাভ নেই। এটা নীতিনির্ধারণে সহায়তা করবে না বরং গোজামিল বাড়াবে।

সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, প্রবৃদ্ধির এই হিসাব বাস্তবতার সঙ্গে মিলছে না। বিবিএস বলছে, করোনার মধ্যেও ব্যক্তি বিনিয়োগ গতবারের চেয়ে কিছুটা বেড়েছে, যা নীতিনির্ধারকদের ভুল বার্তা দিচ্ছে। এত বিনিয়োগ হলে তো ব্যবসা-বাণিজ্য চাঙা রাখার জন্য প্রণোদনা প্যাকেজ দেওয়ার দরকার হতো না।

সেবা খাত সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বিবিএসের তথ্য–উপাত্ত দেখে মনে হচ্ছে, করোনার মধ্যে সেবা খাতের পতন ঘটেনি। কিন্তু আমরা জানি, কত মানুষ কর্মহীন হয়েছে। তাদের জন্য সরকারও নানা ধরনের সহায়তা কর্মসূচি নিয়েছে।’

সংবাদ সম্মেলনে সিপিডির মূল্যায়ন তুলে ধরে সংস্থার গবেষক তৌফিকুল ইসলাম খান বলেছেন, অর্ধেকের বেশি জিডিপি প্রাক্কলন করার মতো গ্রহণযোগ্য তথ্য–উপাত্ত নেই। বিবিএসের দেওয়া জিডিপির হিসাব বরং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।