শ্রিংলার আকস্মিক ঢাকা সফর: ফাটল ঝালাই করাই উদ্দেশ্যে- ড. আকমল
https://parstoday.ir/bn/news/bangladesh-i82369-শ্রিংলার_আকস্মিক_ঢাকা_সফর_ফাটল_ঝালাই_করাই_উদ্দেশ্যে_ড._আকমল
মহামারি করোনা পরিস্থিতির ভয়াবহতা উপেক্ষা করেও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বোঝাপড়া সারতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সশরীরে দু'দিনের সফরে আজ ঢাকা এসেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ ও আগামীকাল তিনি বাংলাদেশে কাটাবেন। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৮, ২০২০ ১৬:২৫ Asia/Dhaka

মহামারি করোনা পরিস্থিতির ভয়াবহতা উপেক্ষা করেও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বোঝাপড়া সারতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সশরীরে দু'দিনের সফরে আজ ঢাকা এসেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ ও আগামীকাল তিনি বাংলাদেশে কাটাবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়েছে, দু দেশের মধ্যকার সহযোগিতা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগিয়ে নেবার জন্য শ্রিংলার এ সফর। 

চীন ও পাকিস্তানের সাথে ভারতের টানটান উত্তেজনার মাঝে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নয়ন এবং ঢাকার সাথে বেইজিং-এর আরো বেশি ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে শ্রিংলার এ সফর ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই ধারণা করছেন পর্যবেক্ষক মহল। 

এ প্রসঙ্গে ঢাকা বিশ্বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. আকমল হোসেন রেডিও তেহরানকে বলেছেন,বাংলাদেশ ভারত সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে-এমনটি বলা হলেও বাস্তবে ভারতের কিছু কিছু কর্যকলাপে সম্পর্কে কিছুটি শীতলতা দেখা গেছে। বিশেষ করে ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের কারণে বাংলাদেশ বেশ খানিকটা উদ্বিগ্ন। তার মধ্যে কাশ্মীরের ঘটনাও যুক্ত হয়েছে।  

তিনি ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশ ভারতকে নিরাপত্তা সংক্রান্ত বা ট্রানজিটের মতো বিষয়ে উদার সহায়তা দিয়েও তিস্তার পানি সমস্যা সমাধান হয়নি; সীমান্তে হত্যা বন্ধ হয়নি।

ড. আকমল হোসেন আরও বলেন, ভারতের অন্যান্য প্রতিবেশীদের সাথে সম্পর্কের অবনতির প্রক্ষাপটে বাংলাদেশ যেভাবে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে তাতে ভারত উদ্বিগ্ন। এ অবস্থায় বাংলাদেশের মন বোঝা বা তাদের বন্ধুত্বের ব্যাপারে আশ্বস্ত হতেই শ্রিংলার এ সফর। তবে বাংলাদেশের নীতি নির্ধারকদেরও দেশের স্বার্থে কিছু ব্যাপারে ভারতের কাছ থেকে কার্যকর সহায়তা নিশ্চিত করতে হবে। 

ওদিকে, ভারতীয় সংবাদ মাধ্যমের খবরেও বলা হয়েছে, বাংলাদেশে মেগা প্রকল্পে চীনের বিশাল বিনিয়োগ এবং ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে ফাটলকে মাথায় রেখে হর্ষ বর্ধন শ্রিংলার এই সফর। 

ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা পৌঁছে দিতেই পররাষ্ট্র সচিব শ্রিংলার ঢাকা আগমন। 

দ্য হিন্দু’র অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নির্ভর সেচ বা কৃষি প্রকল্পে চীনের কাছ থেকে ১০০ কোটি ডলার সহায়তা পেতে যাচ্ছে ঢাকা। শ্রিংলার সফরে এ বিষয়টি গুরুত্ব পাবে।

তিস্তা ইস্যু

২০১৫ সালে বাংলাদেশ সফরের সময় নরেন্দ্র মোদি তিস্তা ইস্যুর আশু সমাধান হবে বলে শেখ হাসিনাকে কথা দিলেও এখন পর্যন্ত বিষয়টির তেমন কোনো অগ্রগতি হয় নি। এছাড়া ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও দু’দেশের সম্পর্কের  অবনতি  হওয়ার কথা উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম। ভারতের সীমান্তে প্রতিবন্ধকতা তৈরির কথা উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমে বলা হয়, বাংলাদেশ নিজ সীমান্তে সকল প্রতিবন্ধকতা তুলে নিলেও ভারত তা বন্ধ করে রেখেছে। 

এদিকে, গতকালও চাপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। #

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/আশরাফুর রহমান/১৮