জিয়া পরিবারের বিরুদ্ধে নির্জলা মিথ্যাচার-প্রোপাগান্ডায় নেমেছে সরকার: রিজভী
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতাদের দেশ ও জনগণের স্বার্থের কথা বিবেচনা করে মিথ্যাচার, প্রতিহিংসা, কূটতর্ক ও অন্যদের দোষারোপের রাজনীতির পরিবর্তে জনগণের আস্থা অর্জনের আহবান জানিয়েছে বিএনপি।
আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার সমস্ত গণমাধ্যমকে কব্জা করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে জিয়া পরিবারের বিরুদ্ধে নির্জলা মিথ্যাচার-প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
রিজভী বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারটি একটানা প্রায় এক যুগ ধরে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। একটি রাজনৈতিক দলের এত দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর, এতদিন তাদের নিজেদের সাফল্যের কথা বলার মতো সক্ষমতা অর্জন করার কথা ছিল। অথচ গণতন্ত্র হত্যা, মানুষ খুন, গুম, দুর্নীতি আর টাকা পাচার ছাড়া গর্ব করে বলার মতো এই সরকারের কোনো সাফল্য নেই। প্রতিটি মন্ত্রণালয়, দপ্তর-অধিদপ্তর, সেক্টর, বিভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানই দুর্নীতি-লুটপাট-অবিচার-অনাচার আর প্রতারণায় নিমজ্জিত।
ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজ ও প্রতারকদের কারণে বিশ্বের দরবারের বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। দেশে দেশে বাংলাদেশের নাগরিকদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে।
সর্বক্ষেত্রে এমন পাহাড়সম দুর্নীতি-প্রতারণা আর ব্যর্থতা আড়াল করার জন্য মিথ্যাচারের আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ ।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার করেছে। বিচারের রায় কার্যকর করতে গিয়ে অভিযুক্তদের একের পর এক ফাঁসির দন্ড কার্যকর করছে। হত্যাকাণ্ডের বিচারের পরও প্রায়শ:ই আওয়ামী লীগ এবং জাসদ নিজেরাই একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত। আওয়ামী লীগের অভিযোগ শেখ মুজিব হত্যাকাণ্ডের জন্য জাসদ দায়ী। আবার জাসদের অভিযোগ শেখ মুজিব হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর গঠিত সরকারের মন্ত্রিসভায় সবাই ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা।
এখন হঠাৎ করেই শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের নাম জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন প্রধানমন্ত্রী।
রিজভী বলন, শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের সাহেবের কথায় ইতিহাস রচিত হয় না, ইতিহাস উদ্ভাসিত হয় তার আপন আলোয়। তাদের নেতা-নেত্রীর কথায় আওয়ামী লীগ আনন্দিত হতে পারে, কিন্তু মানুষের কাছে তাদের কথার গুরুত্ব নেই, জনগণ তাদের কথা বিশ্বাসও করেনা। জনগণ যদি তাদের কথা বিশ্বাস করতো তাহলে বারবার তাদেরকে বিনা ভোটে কিংবা নিশিরাতে বাক্স বোঝাই এবং পুলিশ ও প্রশাসন যন্ত্র ব্যবহার করে ক্ষমতায় আঁকড়ে থাকতে হতোনা।
রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্ধৃত করে বলেন, দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে কারো আদেশের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সময় পরিস্থিতি বিবেচনা করে যার যার নিজ নিজ এলাকায় নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে গুম, খুন, অপহরণ-দুর্নীতি-অন্যায়-অবিচার-অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।