বিএনপির নির্বাচনী প্রস্তুতি: মনোনয়নপত্র জমা দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী
করোনা মহামারীর মধ্যেও জাতীয় সংসদের চারটি শূন্য আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহী বিএনপি প্রার্থীরা আজ শুক্রবার সকালে কয়েক হাজার নেতাকর্মীদের সরব উপস্থিতিতে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা আজ সকাল থেকে কর্মী-সমর্থক নিয়ে জড়ো হন দলের কেন্দ্রীয় অফিসে। এ সময় তারা দলীয় প্রতীক ধানের শীষ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে উল্লাস প্রকাশ করে।
চার আসনের জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে ২৫টি। এরমধ্যে দুপুর পর্যন্ত ঢাকা-১৮ আসনের জন্য মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা-৫ আসনে মহানগর দক্ষিণের সহসভাপতি নবী উল্লাহ নবীসহ ১২ জন মনোনয়ন প্রত্যাশী তাদের ফরম জমা দিয়েছেন।
এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এর আগেও দেখেছি- নির্বাচন, নির্বাচন কমিশন ও ভোট এগুলোকে জাদুঘরে পাঠানোর জন্য সরকার সকল আয়োজন সম্পন্ন করেছে। আমরা ১২ বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করছি গণতন্ত্র ফেরানোর জন্য। আমরা এসব উপনির্বাচনকে সংগ্রামের অংশ হিসেবে নিয়েছি।’
তিনি বলেন, ‘সরকার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নানা কিছু করতে পারে। আমাদের বিশ্বাস ও আস্থার জায়গা হচ্ছে জনগণ। আমরা জনগণের শক্তির ওপর ভর করে এই উপনির্বাচনে অংশ গ্রহণ করব।’
আগামীকাল শনিবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। তবে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তফসিল নির্বাচন কমিশন এখনো ঘোষণা করেনি।
এ চারটি আসনই আওয়ামীলীগের দখলে ছিল। আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, এবং মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন শূন্য হয়।
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১১