পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ লোকদেখানো: বিএনপি মহাসচিব
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে আয়োজিত সমাবেশকে লোকদেখানো বলে মন্তব্য করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল শনিবার পুলিশ একদিকে ধর্ষণবিরোধী লংমার্চের ওপরে হামলা করেছে, অন্যদিকে তারা ধর্ষণ প্রতিরোধে সমাবেশ করেছে। এটা লোকদেখানো ছাড়া কিছুই না।
আজ (রোববার) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, "ধর্ষণের যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে, তা ধর্ষণ প্রতিরোধে একমাত্র উপায় না। সরকার ও সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে স্থানীয় ক্ষমতাসীনেরা ধর্ষণ করছেন। তারা ছাড় পেয়ে যাচ্ছেন। বিচার হচ্ছে না। এ কারণে ধর্ষণের সাজা বৃদ্ধি করে ধর্ষণ প্রতিরোধ সম্ভব হবে না।"
এসময় অনিয়মের অভিযোগে এনে পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তা বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। একই দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং মঙ্গলবার থানা, উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ মানববন্ধনের কর্মসূচি করবে দলটি।
'নির্বাচন সুষ্ঠু হয়েছে' বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গতকাল যে মন্তব্য করেছেন এ প্রসঙ্গে ফখরুল বলেন, সিইসি নির্লজ্জের মতো কথা বলছেন।
'নির্বাচনের নামে নাটক করছে ইসি-সরকার'
ওদিকে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান আজ বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের নামে নাটক করছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির নেতৃবৃন্দ নিয়ে আজ সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র এখন মুমূর্ষু অবস্থায় আছে। সারা দুনিয়ার মানুষ আজ কোভিড নামক মহামারিতে আক্রান্ত। আর বাংলাদেশ কোভিডের পাশাপাশি দুর্নীতি, অনাচার, নারী ও শিশু নির্যাতন এবং দলীয়করণ এ ধরনের আরও কয়েকটা মহামারিতে আক্রান্ত।’
তিনি বলেন, ‘আজকে সরকার গর্ব করে যে দেশের প্রবৃদ্ধি বেড়েছে। কার প্রবৃদ্ধি? দেশের প্রবৃদ্ধি তো হলো একটা গড়। হাতেগোনা কিছু মানুষ বিপুল বৈভবের মালিক হচ্ছে। আর মানুষের বিরাট অংশ গরিব হচ্ছে। নতুন করে আরও ১ কোটি ৬৪ লাখ মানুষ গরিব হয়েছে। বাংলাদেশে প্রবৃদ্ধি বেড়েছে কিন্তু মানুষ কেমন আছে? সুখে আছে নাকি দুঃখে আছে? গবেষণা বলছে- এশিয়ার ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৬তম। এই প্রবৃদ্ধি হচ্ছে ব্যক্তি বিশেষের। এটা জনগণের না। কারণ জনগণ শান্তি সুখে নেই।’#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।