ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)'র গুলিতে আরো এক বাংলাদেশি নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i84788-ভারতীয়_সীমান্তরক্ষী_বাহিনীর_(বিএসএফ)'র_গুলিতে_আরো_এক_বাংলাদেশি_নিহত
উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০২০ ১২:২০ Asia/Dhaka
  • ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)'র গুলিতে আরো এক বাংলাদেশি নিহত

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রৌমারী থানার ওসি মন্তাছির বিল্লাহ। নিহত হাসিনুর রহমান ওরফে ফকির চাঁদ (২৮) খাটিয়ামারী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, হাসিনুর রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ১০৬২/৩এস পিলার এলাকা দিয়ে ভারত থেকে মাদক আনতে যায়। এ সময় আসাম রাজ্যের মাইনকারচর থানার কুসনীমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়নের সদস্যরা গুলি চালায়। এতে হাসিনুরের বুকে ও পেটে গুলি লাগে। পরে সঙ্গীরা হাসিনুরকে আহত অবস্থায় রাতেই রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। নিহত হাসিনুরের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে আজাদ বলেন, ‘ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার নিকটে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।’

নীলফামারী সীমান্তে আর একজনকে হত্যা করা হয়  বৃহস্পতিবার

এর আগে গত বৃহস্পতিবার নীলফামারীর ডিমলা উপজেলা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন ভারতীয় গরু পাচারকারী দলের সদস্য সামসের প্রামানিক (১৯)। ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত তিস্তা পয়স্তি চর এলাকার আকাজুদ্দিন প্রমানিকের ছেলে।

স্থানীয সূত্রে  প্রাপ্ত তথ্যে জানা গেছে, শীতের রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভোজলি পাড়া বিওপির অন্তর্গত সীমান্তে কাটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচার চেষ্টা চালায় সামসের প্রামানিক (১৯)।এ সময় ভারতের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলে  নিহত হয় সামসের।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার /২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।