বন্ধ হোক হত্যা-গুম-যুদ্ধ’, নতুন বছরে মির্জা ফখরুলের কামনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i85719-বন্ধ_হোক_হত্যা_গুম_যুদ্ধ’_নতুন_বছরে_মির্জা_ফখরুলের_কামনা
ইংরেজি নতুন বছরে সব ধরনের দমনমূলক নৃশংসতা বন্ধ হবে- এমনটাই কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে ইংরেজি নববর্ষ উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল এই প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় নতুন বছরে তিনি দেশবাসী ও বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২০ ১২:৪৫ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইংরেজি নতুন বছরে সব ধরনের দমনমূলক নৃশংসতা বন্ধ হবে- এমনটাই কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে ইংরেজি নববর্ষ উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল এই প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় নতুন বছরে তিনি দেশবাসী ও বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিএনপির মহাসচিব বলেন, নববর্ষ উপলক্ষে সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করি। কালের আবর্তে আরো একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিলো। গত বছরের সব ব্যর্থতা ও হতাশার গ্লানিকে ঝেড়ে ফেলে এবং সাফল্যকে সঞ্চয় করে আগামী পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।

‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও হৃত গণতন্ত্রকে উদ্ধার করার সংগ্রামে সবাইকে নতুনভাবে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য এবং সমৃদ্ধির বছরে পরিণত হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয়ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন।‘

‘বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ, বিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরনের দমনমূলক নৃশংসতা- নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি। অপহৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ ও অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই’, যোগ করেন বিএনপির মহাসচিব।#

পার্সটুডে/ বাবুল আখতার/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।