সম্মুখসারির যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i85885-সম্মুখসারির_যোদ্ধারা_অগ্রাধিকার_ভিত্তিতে_ভ্যাকসিন_পাবেন_প্রধানমন্ত্রী
করোনা ভাইরাসের ভ্যাকসিন আসার পর পরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যসহ সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৭, ২০২১ ১৭:৩৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনা ভাইরাসের ভ্যাকসিন আসার পর পরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যসহ সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা সেসব ধকল দৃঢ়তার সঙ্গে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। কিন্তু করোনা ভাইরাসজনিত সঙ্কট থেকে বিশ্ব এখনও মুক্ত হয়নি। সরকার ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখার ‘সর্বোচ্চ চেষ্টা’ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনও সংক্রমণ এবং মৃত্যু হার অনেক কম। তবে বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ এর ভ্যাকসিন শুরু হওয়ায় যে আশার সঞ্চার হয়েছে, সে কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বাংলাদেশেও আমরা দ্রুত ভ্যাকসিন নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ অনেকদূর এগিয়েছে সত্য। তবে আমাদের আরো বহুদূর যেতে হবে। হতে পারে সে গন্তব্য পথ মসৃণ, হতে পারে বন্ধুর। বাঙালি বীরের জাতি। পথ যত কঠিনই হোক, আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা যদি পরিশ্রম করি, সততা-দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করি, তাহলে আমরা সফলকাম হবোই, ইনশাআল্লাহ।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আসুন আমরা নতুন করে শপথ নেই- মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শকে ধারণ করে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত একটি অসাম্প্রদায়িক কল্যাণকামী বাংলাদেশ গড়ে তুলবো। তিনি বলেন, করোনা ভাইরাস মহামারি ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। অনেক দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে।

তবে বিভিন্ন নীতি-সহায়তা এবং বিভিন্ন উদার-নৈতিক আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদানের মাধ্যমে আমরা অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা ১ লাখ ২১ হাজার কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি যা মোট জিডিপি’র ৪.৩ শতাংশ। পরিস্থিতি বিবেচনা করে আমরা সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রেখেছি। বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় আড়াই কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা নগদ অর্থসহ বিভিন্ন সহায়তার আওতায় এনেছি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গত অর্থবছরে আমাদের জিডিপি ৫ দশমিক ২৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রাক্কলন অনুযায়ী এ বছর জিডিপি’র প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৭ দশমিক ৪ শতাংশে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ অনুযায়ী জিডিপি’র প্রবৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান হবে এশিয়ার মধ্যে সর্বোচ্চ। আইএমএফ-এর প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ২০২০ এ মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/ বাবুল আখতার/ ৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।