লেখক মুশতাক আহমেদের মৃত্যু: উদ্বেগ জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের স্থগিত চাইলো জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/bangladesh-i88126-লেখক_মুশতাক_আহমেদের_মৃত্যু_উদ্বেগ_জানিয়ে_ডিজিটাল_নিরাপত্তা_আইনের_স্থগিত_চাইলো_জাতিসংঘ
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক অবস্থায় প্রতিবাদী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ০২, ২০২১ ১৩:৩৯ Asia/Dhaka
  • লেখক মুশতাক আহমেদ
    লেখক মুশতাক আহমেদ

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক অবস্থায় প্রতিবাদী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাসেলেট। গতকাল সোমবার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে ছিলেন আহমেদ। সেখানেই তার মৃত্যু হয়েছে। এই আইন স্থগিত করা প্রয়োজন। এই আইনের কারণে যারা কারাগারে রয়েছেন তাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। অবশ্যই সবাইকে নিজের স্বাধীন মতামত তুলে ধরার সুযোগ দিতে হবে।

তিনি আরও জানান, মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় সরকারকে সুষ্ঠু, স্বচ্ছ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে কারাগারে বন্দীদের নানা ভোগান্তির অভিযোগ পরিষ্কার হওয়া জরুরী। সরকারের সমালোচনার শাস্তি দিতে ডিজিটাল নিরাপত্তা আইনের দুর্বলভাবে সংজ্ঞায়িত বিধানগুলোর বিষয়ে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়ে আসছে দীর্ঘদিন। জরুরি ভিত্তিতে আইনটির প্রয়োগ স্থগিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এর বিধানগুলো পর্যালোচনা করা দরকার।

এর আগে, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ  ১৩টি দেশের ঢাকাস্থ রাষ্ট্রদূত এবং হাইকমিশনারগণ এক যৌথ বিবৃতি আইনি হেফাজতে মুশতাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ জানান। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহ ও এর প্রয়োগে ব্যাপারে এই ১৩ দেশের সরকারের ব্যাপক উদ্বেগ রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক প্রতিবাদী লেখকের মৃত্যুতে আন্তর্জাতিক মহলের এরকম উদ্বেগের বিষয়ে অসন্তুষ্ট হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন।   

সোমবার যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে সংবাদ সম্মেলনে লেখক মুশতাকের মৃত্যু নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে অনেক লোক জেলখানায় মারা গেলেও তা নিয়ে কোনো কথা হয় না। অথচ বাংলাদেশের বেলায় উদ্বেগ দেখায় বিদেশিরা। উদ্বেগ প্রকাশকারী বিদেশি কূটনীতিকদের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের দেশ একটা তাজ্জবের দেশ। একজন মারা গেলেই, তিনি কী কারণে মারা গেলেন, আমরা কিন্তু জানি না, মারা গেলেই তখন এটা নিয়ে বিদেশিরা খুব উদ্বেগ প্রকাশ করেন।’তিনি বলেন, ‘দেশের লোক উদ্বেগ প্রকাশ করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিদেশের লোক এ ব্যাপারে খুব উদ্বেগ প্রকাশ করেন, এটা একটা তাজ্জবের জায়গা।’ তবে ডিজিটাল নিরাপত্তা আইনের সমর্থনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশে সবাইকে সুরক্ষিত রাখতেই এই ডিজিটাল  আইন। 

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুর পর দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে শনিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এমলন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিকে, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজকেও বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজ ছাত্রদল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গুলশান-১ থেকে তিতুমীর কলেজ অভিমুখী মিছিলে অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে লেখক মুশতাক আহমেদকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজিত  শান্তিপূর্ণ সমাবেশ পুলিশ  হামলায়  পণ্ড  হয়ে যায়। এ ছাড়া, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, কারাগারে প্রতিবাদী লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং প্রতিবাদী ছাত্রদের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।

পার্সটুডে/আব্দুুর রহমান খান/বাবুল আখতার

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।