এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে: কাদের মির্জা
https://parstoday.ir/bn/news/bangladesh-i88594-এমপি_একরামের_বাড়িতে_আমাকে_হত্যার_পরিকল্পনা_করা_হয়েছে_কাদের_মির্জা
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালী জেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেছেন, তাকে হত্যার চেষ্টা চলছে। স্থানীয় এমপি একরামের বাড়িতে বসে হত্যার পরিকল্পনা করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১৩, ২০২১ ১০:০২ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে আবদুল কাদের মির্জা
    সংবাদ সম্মেলনে আবদুল কাদের মির্জা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালী জেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেছেন, তাকে হত্যার চেষ্টা চলছে। স্থানীয় এমপি একরামের বাড়িতে বসে হত্যার পরিকল্পনা করা হয়েছে।

আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

আবদুল কাদের মির্জা বলেন, ‘গত কয়েকদিনে আমার ৭-৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার প্রত্যেক নেতাকর্মীর বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। এখানে সবকিছু একতরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে। গতকাল শুক্রবারও (১২ মার্চ) এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।’ 

মেয়র আরো বলেন, ‘আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে নড়ব না। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও অটোরিকশাচালক আলা উদ্দিন হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইকে দিয়ে করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। তদন্তে যদি আমি বা আমার কোনো কর্মীর অপরাধ প্রমাণিত হয়, তিনি যে শাস্তি দেবেন তা আমরা মাথা ফেতে নেব।’

কাদের মির্জা বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আর কোনো কর্মসূচি দেব না।’

বসুরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি

গ্রেফতার আতঙ্কে থমথমে বসুরহাট

এদিকে, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় বসুরহাট পৌর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার আতঙ্কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, বসুরহাট পৌর ভবনের চারদিক ঘিরে রেখেছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা। সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও রেখেছেন কড়া নজরদারি। এছাড়া জিরো পয়েন্টে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর, রুপালি চত্বর, উপজেলা হাসপাতাল গেট, কলেজ গেট ও উত্তর বাজার এলাকায় পুলিশ ও র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।