৫০ বছর পরেও আমরা স্বাধীন নই: মির্জা ফখরুল
'খালেদা জিয়া পাক কারাগারে বন্দী ছিলেন, এখন বন্দি ক্ষমতা দখলকারী সরকারের হাতে'
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় অঘোষিত কারফিউ চলছে। জনগণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণকে বাদ দিয়েই আজকে এই দিনটি সরকার একা উদযাপন করছে।
আজ শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজ স্বাধীনতার ৫০ বছর পরও আমরা দেখছি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পাকিস্তানের হানাদার বাহিনীর কারাগারে বন্দী ছিলেন। আজ স্বাধীনতার ৫০ বছর পরে তিনি বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারের হাতে বন্দী রয়েছেন। আমাদের গণতন্ত্রের রাজনীতির অর্জন হচ্ছে এটা যে, ৫০ বছর পরেও আমরা স্বাধীন নই, একথা আমাদের বার-বার বলতে হচ্ছে। #
পার্সটুডে/আবদুর রহমান খান/২৬