হাসিনা-মোদি বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই ও সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
-
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক
ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার শীর্ষ বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া সাতটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন দুই নেতা।
মোদির সফরের দ্বিতীয় দিনে আজ (শনিবার) বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ–ভারত শীর্ষ বৈঠক হয়। এরপর সমঝোতা স্মারকগুলো সই এবং প্রকল্পগুলো উদ্বোধন হয়।
দুর্যোগ দমনে সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূরের পদক্ষেপ, দুই দেশের জাতীয় ক্যাডেট কোরের মধ্যে সহযোগিতা বিনিময়, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা এবং রাজশাহীতে খেলার মাঠ বিষয়ে দুই প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারকগুলো সই হয়। এ ছাড়া শিলাইদহের সংস্কারকৃত কুঠিবাড়ি, মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসমাধি, ভারতের উপহার ১০৯টি অ্যাম্বুলেন্স, চিলাহাটি-হলদিবাড়ী রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল, দুটি সীমান্ত হাট উদ্বোধন এবং স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির নেতৃত্ব দেন। বিকেল পৌনে ৬টার দিকে বৈঠকটি শুরু হয়। দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগার গেইটে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বৈঠক শেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান। সেখানে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দুই দিনের সফরে গতকাল শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাতেই দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।