পবিত্র শবে বরাত উপলক্ষে ডিএমপির নির্দেশনা, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাণী
https://parstoday.ir/bn/news/bangladesh-i89314-পবিত্র_শবে_বরাত_উপলক্ষে_ডিএমপির_নির্দেশনা_প্রেসিডেন্ট_প্রধানমন্ত্রীর_বাণী
বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা আজ (সোমবার) দিবাগত রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত উদযাপন করবেন। শবে বরাতের পবিত্রতা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২৯, ২০২১ ০৮:৪৯ Asia/Dhaka
  • বায়তুল মোকাররমে শবে বরাতের ইবাদত (ফাইল ফটো)
    বায়তুল মোকাররমে শবে বরাতের ইবাদত (ফাইল ফটো)

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা আজ (সোমবার) দিবাগত রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত উদযাপন করবেন। শবে বরাতের পবিত্রতা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩০ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের জনগণ হিজরী শাবান মাসের পনেরো তারিখ রাতটিকে নফল ইবাদাত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির-আজকার করা, দোয়া-দরুদ পড়া ইত্যাদির মধ্য দিয়ে কাটান। দিনের বেলা নফল রোযা রাখে, কবর যিয়ারত করে এবং বিকেলে মসজিদ-মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করে, হালুয়া-রুটি আর মিষ্টান্ন বিলান। সব মিলিয়ে এই দিনটিতে কেমন যেন একটা আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে। শবে বরাতে ইবাদাত বন্দেগি করা আর দিনের বেলায় রোযা রাখার ফযীলত সম্পর্কে বহু হাদীসও বর্ণিত হয়েছে।

এদিকে, শবে বরাত উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার বিকেলে পৃথক বাণী দিয়েছেন।

প্রেসিডেন্ট তাঁর বাণীতে বলেছেন,‘মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবে বরাত প্রধানত সৌভাগ্য রজনী হিসেবে পালিত হয়। মানব জাতিকে এই পবিত্র রজনী আল্লাহ-তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।’

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনী বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।’

তিনি পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত করা হবে। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।