মোসাদকে ব্যবহার করে বিএনপি: দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর; রিজভী’র প্রতিক্রিয়া
বাংলাদেশের সরকার ও ক্ষমতাসীন দল তাদের প্রধান বিরোধী দল বিএনপিকে লক্ষ্য করে নতুন এক প্রচার অভিযান শুরু করেছে। এবারের প্রচারণায় বিএনপিকে পাকিস্তানপন্থী বলে চিহ্নিত করা ছাড়াও নতুন করে ইসরায়েলের নাম যুক্ত করা হয়েছে।
আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অভিযোগ করেছেন , ইসরাইলের গোয়েন্দা সংস্থা-মোসাদকে ব্যবহার করে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার চেষ্টা করছে।
মঙ্গলবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহরিয়ার আলম বলেন, “আমাদের কাছে এমনও খবর আছে, তারা (বিএনপি) ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, বাংলাদেশকে একটি ধর্মান্ধ মুসলিম দেশ হিসেবে উপস্থাপন করতে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছে।’
তিনি বলেন, বাংলাদেশে বিএনপির রাজনীতি করার কোনো অধিকারই নেই। কারণ, তারা অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে।’
ইসরাইলে গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির বৈঠকের প্রমাণ প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, শুধু এটা নয়, আমাদের কাছে এ ধরনের অনেক তথ্য আছে। যেগুলো জোড়া দিলে কালই বিএনপিকে নিষিদ্ধ করতে পারে সরকার।
একই সুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ অভিযোগ করেছেন,‘বিএনপি এই সরকারের পতন ঘটানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তার বড় প্রমাণ হচ্ছে মোসাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা। এ সরকারের উৎখাতের জন্য মোসাদের সহায়তা নেওয়ার অপচেষ্টা করছে তারা।’
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
সরকার ও আওয়ামীলীগ নেতাদের এসব অভিযোগের জবাবে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচীব রিজভী আহমেদ রেডিও তেহরানকে বলেন, সরকার ক্রমশ: গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে, তারা বুঝতে পারছে পায়ের নিচে মাটি সরে গেছে। তাই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এ সব মিথ্যা প্রচারণায় লিপ্ত হয়েছে। এতে তাদের শেষ রক্ষা হবে না।
এ প্রসংগে বিএনপি জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি( জাগপা)’র সভাপতি শফিউল আলম প্রধান রেডিও তেহরানকে বলেন, দেশটাকে পুরোপুরি ভারতীয়করণের জন্য তৎপর বর্তমান সরকার জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে এমন আজগুবি প্রচারণায় নেমেছে যা জনগণ বিশ্বাস করে না।
এদিকে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, যে দল একাত্তরের পরাজিত শত্রুর কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করে, পাকিস্তানের চর হিসেবে কাজ করে, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”
হাসান মাহমুদ বিএনপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাতের বেলায় বৈঠকের প্রসঙ্গ তুলে হাছান মাহমুদ বলেছেন, গভীর রাতে তাদের এই বৈঠক ‘রহস্যজনক’।
“বিএনপি দিনের বেলায় কোনো বৈঠক করে না। তারা সব সময় গভীর রাতে বৈঠক করে- এটি একটি রহস্যের বিষয়। প্রকৃতপক্ষে বিএনপির সমস্ত কার্যক্রম সন্দেহজনক।”
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে সোমবার রাত ৯টা ২০ মিনিটে থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক করেছেন ।
বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী হাই কোর্টে অবৈধ ঘোষণা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, রোজার আগে দ্রব্যমূল্য বৃদ্ধি, নেতাদের নামে দায়ের মামলা এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। #
আব্দুর রহমান খান/মোঃ রেজওয়ান হোসেন/১০