ফরিদপুরের লকডাউনের হাঙ্গামা-একজনের মৃত্যু: সারা দেশে ব্যাবসায়ীদের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i89698-ফরিদপুরের_লকডাউনের_হাঙ্গামা_একজনের_মৃত্যু_সারা_দেশে_ব্যাবসায়ীদের_বিক্ষোভ
করোনা মোকাবিলায় বিধিনিষেধ কার্যকর করতে ফরিদপুরের সালথায় লোকজনকে পেটানো হয়েছে-এমন অভিযোগে গতকাল সোমবার রাতে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন স্থানীয় লোকজন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি–এসি ল্যান্ড) গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০৬, ২০২১ ১১:৫৬ Asia/Dhaka
  • ফরিদপুরের লকডাউনের হাঙ্গামা-একজনের মৃত্যু: সারা দেশে ব্যাবসায়ীদের বিক্ষোভ

করোনা মোকাবিলায় বিধিনিষেধ কার্যকর করতে ফরিদপুরের সালথায় লোকজনকে পেটানো হয়েছে-এমন অভিযোগে গতকাল সোমবার রাতে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন স্থানীয় লোকজন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি–এসি ল্যান্ড) গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহত যুবকের নাম জুবায়ের (২২)। তিনি রামকান্তপুর ইউনিয়নের মৃত আশরাফ আলীর ছেলে। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান একজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পুলিশ লাশটি উদ্ধার করতে পারেনি। লাশটি পরিবারের কাছে আছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সংঘর্ষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের গ্যারেজে থাকা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়

গতকাল বিকেলে উপজেলা সদর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরের ফুকরা বাজার থেকে ঘটনার সূত্রপাত। স্থানীয় সূত্রের ভাষ্য, করোনাকালের বিধিনিষেধ কার্যকর করতে দুই আনসার সদস্য ও ব্যক্তিগত সহকারীকে নিয়ে এসি ল্যান্ড মারুফা সুলতানা ফুকরা বাজারে যান। সে সময় চা পান করতে আসা জাকির হোসেন নামের এক ব্যক্তিকে লাঠিপেটা করা হয়েছিল বলে স্থানীয় লোকজনের অভিযোগ। এই ঘটনার জেরে পরে ফুকরা বাজারে পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে পড়ে, পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। এমন গুজবে শত শত মানুষ গিয়ে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেন।

পুলিশের ভাষ্য, গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সালথায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। সংঘর্ষের ঘটনায় ৭ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও আনসার সদস্যরা শটগানের ৫৮৮টি গুলি ও ৩২টি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাজধানীতে আজকেও বিক্ষোভ 

মার্কেট খুলে দেওয়ার দাবিতে রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে ওই এলাকার বিভিন্ন সড়কে মিছিল করেন ব্যবসায়ীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা মিরপুর ১ ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর ১ নম্বর এলাকায় কো-অপারেটিভ মার্কেটের ব্যবসায়ী মনির হোসেন প্রথম আলোকে বলেন, সরকার বিধিনিষেধ দিলেও অফিস-আদালত, বইমেলা, শিল্পকারখানা থেকে শুরু করে অনেক কিছুই খোলা রেখেছে। তাঁরাও তাঁদের দোকান সীমিত আকারে খুলতে চান। এই দাবি নিয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুপুর ১২টার দিকে মিরপুর ১ নম্বর চত্বরে জড়ো হতে থাকেন ব্যবসায়ীরা। তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে সনি সিনেমা হলের সামনের মোড় হয়ে আবার ১ নম্বর মোড়ে ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে এসে জড়ো হন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ী সড়কে থাকা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। তবে কয়েকজনের বাধায় তাঁরা গাড়ি ভাঙচুর করতে পারেননি।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া মুক্তবাংলা শপিং কমপ্লেক্স ও ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের চারজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে কিছু সময়ের জন্য হলেও দোকান খুলতে চান তাঁরা। কারণ গত বছর রমজানে লকডাউনের কারণে ব্যবসা মন্দা গিয়েছিল। সামনে ঈদ। এবারও দোকানপাট বন্ধ রাখলে তাঁরা বিপর্যয়ের মুখে পড়বেন।

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় মার্কেট খোলার দাবিতে আজ (৬ এপ্রিল) বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সেখানকার ব্যবসায়ী ও কর্মচারীরা। এ সময় বিভিন্ন মার্কেটের দুই শতাধিক ব্যবসায়ী এতে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।

বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রইলো স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলে দেওয়া হয়। নইলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে। সামনে যেহেতু ঈদ আর ঈদকে কেন্দ্র করেই তাদের বাড়তি কিছু আয় হয়। অথচ করোনার কারণে আগেও লকডাউন থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ফলে এবার ঈদের আগেও যদি এভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাহলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে বলেছেন কেউ কেউ। এদিকে মানববন্ধন ও বিক্ষোভ শেষে নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যান ব্যবসায়ীরা।গতকালও মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছিলেন তারা।

রাজপথে  বগুড়ার ব্যবসায়ীরা

সরকারি বিধিনিষেধের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে রাজপথে নেমেছেন বগুড়ার ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে বগুড়া ইলেক্ট্রিক, ইলেকট্রনিক্স ও কাপড় ব্যবসায়ী সমিতির নেতাকর্মী ও তাদের দোকান কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা শহরের জিরোপয়েন্ট সাতমাথায় জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে বিক্ষোভ প্রদর্শন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ব্যবসায়ী নেতারা উল্লেখ করেন- ‘গত বছর লকডাউনে বগুড়ার ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারও দোকানপাট বন্ধ থাকলে তাদের পথে বসতে হবে। এমতাবস্থায় তারা সকল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলার দাবি জানাচ্ছে।’

বরিশালে বিক্ষোভ

খেয়ে পড়ে বেঁচে থাকতে বরিশালে লকডাউন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল নগরীর বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা।

মঙ্গলবার বেলা ১২টায় নগরীর চকবাজার এলাকা থেকে চকবাজার, মহসিন মার্কেট ও সিটি মার্কেটের গার্মেন্টস দোকানের মালিক ও কর্মচারীরা এই বিক্ষোভ করে। পরে তারা বিক্ষোভ সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপের মাধ্যমে আশ্বস্ত হলে তারা বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে।

এ সময় তারা জানান, এক বছর আগে করোনা সংক্রমণের শুরুতে তাদের দীর্ঘদিন দোকান বন্ধ রাখতে হয়েছিলো। সেই সময়ের লোকসান তারা এখনো কাটিয়ে উঠতে পারেনি। এখন আবার লকডাউনে তাদের দোকান বন্ধ রাখায় চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকতে স্বাস্থ্যবিধি মেনে তাদের দোকানের কার্যক্রম চালানোর শর্তে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যেন তাদের দোকান খোলা রাখার অনুমতি দেয়া হয়।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।