'বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাওয়া'
এ দেশের মুসলমানরা ধর্ম-ব্যবসায়ীদের কাছে ধর্ম-বিশ্বাস ইজারা দেয়নি: কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক - সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ভাষায় ধর্ম-ব্যবসায়ী অপশক্তিকে জনগণের সম্পদ বিনষ্টের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, এ দেশের মুসলমানরা কোনো অপশক্তি বা ধর্ম-ব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম-বিশ্বাস ইজারা দেয়নি। ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না। কতিপয় স্বার্থান্বেষী এবং উচ্চাভিলাষ লোকের স্বপ্ন-পূরণে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপপ্রয়াস জনগণকে সঙ্গে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে।'
আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এ নেতা।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে লন্ডনের নেতৃত্বকে খুশি করতে এবং কর্মীদের রোষানল থেকে বাঁচতে আইসোলেশন থেকে হাঁক-ডাক ছাড়ছে বিএনপি। তাদের এসব হুমকি-ধমকি আষাঢ়ের তর্জন-গর্জন সার। রাজনীতিকে বিএনপি জনগণের দ্বারপ্রান্তে থেকে তুলে এনে এখন আবাসিক রূপ দিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের কর্মীরা দলের পক্ষে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে, তৃণমূলে পৌঁছে গেছে সরকারি সহায়তা। আর বিএনপি দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে আর কাল্পনিক অভিযোগ করে যাচ্ছে।
সরকারের এ মন্ত্রী আরো বলেন, যখন যে ইস্যু সামনে আসে তা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করে। পরাশ্রয়ী আন্দোলন এবং গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় আরোহণের দিন শেষ হয়ে গেছে। শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা রয়েছে, আর সেটাই শেখ হাসিনা সরকারের মূল শক্তি। জনগণ ভালো করেই জানে বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাওয়া।
এ সময়, উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন প্ল্যাটফর্ম ডি-৮ এর আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওবায়দুল কাদের। তিনি উল্লেখ করেন, এ অর্জন শেখ হাসিনার নেতৃত্বের স্বীকৃতি; এ অর্জন দেশের মানুষের অর্জন এবং শেখ হাসিনার সাফল্যের মুকুটে আরও একটি সোনালি পালক যুক্ত হল।#
এআরকে/এমএএইচ/পার্সটুডে/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।