আগামীকাল থেকে কঠোর লকডাউনে বাংলাদেশ: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। এ সময়ে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সরকারী বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কল কারখানা খোলা রাখা হয়েছ। কাঁচাবাজার খোলা থাকবে দু’ বেলা সীমিত সময়ের জন্য। পুলিশের প্রধান জানিয়েছেন পাস ছাড়া বাইরে বেরুতে পারবেন না কেউ।
এমন কঠোর অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং শতভাগ মাস্ক পরিধান করে নির্মানকাজ পরিচালনা করতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে। তাই এই সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে। বর্ষা শুরু হবার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নিতে হবে।
লকডাউনের নামে অকার্যকর শাটডাউনঃ মির্জা ফখরুল
লকডাউনের নামে দেশে অকার্যকর শাটডাউন চলছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, করোনা নিয়ে সরকার জনগণকে ভুল তথ্য দিচ্ছে।
সংকট মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, করোনা মোকাবেলা নিয়ে সরকার যে সফলতার কথা বলছে তা আসলে প্রতারণা।
কৃষিপণ্য ও পার্সেল পরিবহনে থাকবে বিশেষ ট্রেন
এদিকে, করোনাকালীন সময়ে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামসহ ছয় রুটে আটটি বিশেষ ট্রেন চালু করা হবে।
কাউকে বাইরে দেখতে চাই নাঃ আইজিপি
সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে লকডাউন পালনে সবার সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা আগামীকাল (১৪ এপ্রিল) বিনা প্রয়োজনে কাউকে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। আমরা চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করবো। এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।’ মঙ্গলবার (১৩ এপ্রিল) লকডাউনে পুলিশের মুভমেন্ট পাস প্রদানের একটি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাঁচাবাজারে ভিড়
এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ও পবিত্র রমজান সামনে রেখে ভিড় বেড়েছে কাঁচাবাজারগুলোতে। রমজানের ইফতার ও করোনা প্রতিরোধের বিষয় মাথায় রেখে লেবু বা সাইট্রাস জাতীয় ফল, আঙুর, আপেল, খেজুর, পেয়ারা, তরমুজ, বাঙ্গিসহ দেশি-বিদেশি ফল কিনছেন ক্রেতারা।
সর্বোচ্চ ২০ জন মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন
গত বছরের মতো এবারও মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে এ নির্দেশনা বলবৎ থাকবে। ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, করোনা পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন। মুসল্লিদের পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দুয়া করার অনুরোধ করা হয়েছে।
ফ্লাইট চালু রাখার দাবি
সরকার ঘোষিত বিধি নিষেধের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইট চলাচল অব্যাহত রাখার দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্সি এবং জনশক্তি রফতানিকারকগণ। আজ পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা বিদেশগামীকর্মীদের পরিবহনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ গুরুত্বপূর্ণ শ্রমবাজার সংশ্লিষ্ট দেশে ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছে
তারা বলছেন, এসব দেশে এখনো করোনার প্রকোপ নেই। শ্রমিক গ্রহণকারী এসব দেশের পক্ষ থেকেও কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাই, বাংলাদেশের পক্ষ থেকে এসব দেশে শ্রমিক পাঠানো বন্ধ করা যুক্তিযুক্ত নয়। এতে হাজার হাজার বিদেশগামী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই চলমান লকডাউনে বিদেশগামীদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সংশ্লিষ্ট দেশে বিমান চলাচল স্বাভাবিক রাখার দাবি জানান রিক্রুটিং এজেন্সির মালিকরা। প্রয়োজনে বিশেষ ফ্লাইট পরিচালনা করে হলেও বিদেশগামীদের যথাসময়ে সংশ্লিষ্ট দেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।