বাংলাদেশে চলছে সর্বাত্মক লকডাউন: বিমানের বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বুধবার ভোর থেকে ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকর হয়েছে। এই লকডাউন বাস্তবায়ন করার জন্য সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে পুলিশ।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরিসেবার সঙ্গে সম্পৃক্ত, তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া, অনেক রাস্তাতে বেরিকেড বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেসব রাস্তায় জরুরিসেবা সংস্থারও কোনো যানবাহন যেতে পারছে না; যেতে হচ্ছে বিকল্প রাস্তায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেওয়া হচ্ছে না।
এর আগে, গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বিধিনিষেধ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ সময়ে জরুরিসেবা ও শিল্প-কলকারখানা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। শিল্প-কলকারখানা কর্তৃপক্ষকে কর্মীদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় আনা-নেওয়া করতে হবে।
সর্বাত্মক লকডাউনে সংবাদপত্রসহ অন্যান্য জরুরি, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবাসংশ্নিষ্ট অফিস, তাদের কর্মী এবং যানবাহন নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এছাড়া সংবাদপত্র এজেন্ট, হকার ও সংবাদপত্র পরিবহনও এই সর্বাত্মক লকডাউনের আওতার বাইরে থাকবে। এদিকে, ঢাকার প্রবেশ মুখগুলোতে আজ সকাল ৬টার পর থেকেই আটকা পড়ে যায় শত শত গাড়ি। এসব গাড়ির মধ্যে রয়েছে ট্রাক, লরি, জরুরি ঔষধ সরবরাহের গাড়ি এবং ব্যক্তিগত প্রাইভেট কার। গাবতলী, যাত্রাবাড়ি ও আব্দুল্লাহপুর এলাকায় এসব গাড়ির দীর্ঘ যানজট রয়েছে। চালকরা বলছেন, কখন-কীভাবে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবেন; তা জানে না কেউই। কারণ, এসব প্রবেশ মুখ দিয়ে কোনো গাড়িকেই ঢুকতে দেওয়া হচ্ছে না।
তবে পুলিশ বলছে, প্রত্যেক গাড়ির চালকে নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করার পরই ছাড়া হচ্ছে। গাড়ির চাপ রয়েছে প্রচুর, তাই গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বিমানের বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত
এদিকে, ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্টের দাবির মুখে মধ্যপ্রাচ্যের চারটি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার এবং সিঙ্গাপুরগামীদের জন্য শিগিরই বিশেষ ফ্লাইট চালু করার ব্যপারে ইতিবাচক সারা দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ বুধবার পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে লকডাউনকালে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়া বিষয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ।
প্রতীকী মঙ্গল শোভাযাত্রা
করোনাভাইরাস মহামারিজনিত উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ-১৪২৮ সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক নিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্তভাবে প্রতীকী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।##
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।