করোনার প্রকোপ বৃদ্ধি
ভারতের সঙ্গে দুই সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করল বাংলাদেশ
-
পেট্রাপোল-বেনাপোল সীমান্ত
ভারতে করোনাভাইরানের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। (রোববার) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সোমবার (২৬ এপ্রিল) থেকে দুই সপ্তাহ বাংলাদেশ-ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ থাকবে। তবে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি চলবে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিদ্ধান্ত হয়েছে যে, ভারতের সঙ্গে আমাদের সীমান্ত বন্ধ থাকবে। সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।’
তিনি আরও বলেন, ‘যারা আসার জন্য প্রস্তুত হয়ে গেছেন বা এসে পড়বেন, তারা যশোর সীমান্ত এবং সীমান্ত এলাকায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। আজকেও যারা দেশে ঢুকবেন, তাদেরকেও কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
এর আগে রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম সাংবাদিকদের জানিয়েছেলেন, ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে।’
ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে। এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার মানুষ। গত ১০ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। প্রতিদিন মারা যাচ্ছে দুই হাজারের বেশি।
গত কয়েকদিনে ভারতের শ্মশানগুলোতে ২৪ ঘণ্টা কাজ করেও মিলছে না মরদেহ দাহ করার সিরিয়াল। কখনো জ্বালানো হচ্ছে গণচিতা। আর এসব ছবি এখন বিশ্বব্যাপী ভাইরাল। বাংলাদেশেও একই সময় থেকে সংক্রমণ-মৃত্যু বেড়েছে। এর মধ্যে যেন ভারতের ভ্যারিয়েন্ট নতুন করে দেশে প্রবেশ করে সংক্রমণ-মৃত্যু আরো না বাড়াতে পারে সেজন্য সতর্কতা হিসেবে দুই সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫