ভারত অক্সিজেন বন্ধ করায় বিএনপির উদ্বেগ
১০ মে'র মধ্যে চীন থেকে ৫ লাখ করোনা ভ্যাকসিন আসছে বাংলাদেশে
বাংলাদেশে করোনার টিকা প্রাপ্তি নিয়ে জটিলতা ও অনিশ্চয়তার মাঝে আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশ্বাস দিয়েছেন, আগামী ১০ মে'র মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনা ভ্যাকসিন আসছে।
বাংলাদেশ সরকারিভাবে চীন এবং রাশিয়ার টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে গত সপ্তাহে। এখন এই টিকা আনতে সরকারি পর্যায়ে চুক্তি সই করতে হবে। কিন্তু এই চুক্তি কবে হবে এবং কবে টিকা আসবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
এছাড়া দেশে বর্তমানে ১৩ লাখের মতো টিকার ঘাটতি রয়েছে। যারা প্রথম ডোজ কোভিশিল্ড টিকা নিয়েছেন তারা দ্বিতীয় ডোজে সেই কোভিশিল্ড টিকাই পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ফলে এই টিকা আনতে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানালো স্বাস্থ্য অধিদপ্তর।
‘ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে’
ওদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, ভারতে করোনা সংক্রমণের ভয়াবহতার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেদেশের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে।
তবে প্রতিবেশী এ দেশেটি থেকে করোনার ভারতীয় ধরনটি ঠেকাতে সীমান্ত বন্ধের সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ভারতের, বিএনপির উদ্বেগ
এদিকে, ভারত চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ বন্ধ করার পর এবার করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের অক্সিজেন রপ্তানি বন্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বিরোধী দল বিএনপি। দলটি অবিলম্বে টিকা সংগ্রহ, টিকা প্রদানের পরিকল্পনা ও সুস্পষ্ট রোডম্যাপ জনগণের সামনে সুনির্দিষ্টভাবে তুলে ধরার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছে।
গতকাল (রোববার) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশেষ করে করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কোনমতেই বন্ধুসুলভ আচরণ হতে পারে না। ইতোপূর্বেও বাংলাদেশের জরুরি প্রয়োজনের সময় বিভিন্ন জরুরি পণ্যের রপ্তানি একতরফাভাবে বন্ধ করে বাংলাদেশেকে চরম বিপদাপন্ন অবস্থায় ঠেলে দিয়েছে।
এ অবস্থায় শুধুমাত্র ভারতের ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে অক্সিজেনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ব্যবস্থা গ্রহণের এবং দেশে অক্সিজেন উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে বিএনপি।
এ সময় ফখরুল আরো বলেন, ‘শুধুমাত্র ভারত থেকে টিকা সংগ্রহের চুক্তি জাতির জন্য এক চরম স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করেছে। সরকারকে এই দায়িত্বহীনতা এবং দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাব দিতে হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩