সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে- ফখরুল: বিএনপির রাজনীতি বিদ্বেষপূর্ণ- কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i91556-সরকার_ত্রাসের_রাজত্ব_সৃষ্টি_করেছে_ফখরুল_বিএনপির_রাজনীতি_বিদ্বেষপূর্ণ_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের সাথে আজ (বুধবার) দুপুরে কথা বলার পরে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মে ১২, ২০২১ ১৪:৫১ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের সাথে আজ (বুধবার) দুপুরে কথা বলার পরে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, যে রাজনৈতিক দলটি দীর্ঘকাল সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য সেই দলটির হাতেই গত এক যুগ ধরে এদেশের মানুষ যেভাবে অত্যাচারিত-নির্যাতিত হচ্ছে- এটা ধারণার বাইরে। সারাদেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রাখা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এদেশে কেউ নিরাপদ নয়। এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস এমন পর্যায় চলে গেছে যে রাজনৈতিক নেতা-কর্মীদের তো বটেই সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে, আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেনি বরং মানবিক আচরণ করেছে। পক্ষান্তরে বিএনপি প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ রাজনীতি করে চলেছে।

মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ কোন রাজনীতি চলছে বাংলাদেশে?

আজ (বুধবার) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আরো আরো বলেন, বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কারণ জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপির আন্দোলনে নয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।