টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলি: আনসার সদস্য নিহত, অস্ত্র লুট
-
একটি রোহিঙ্গা শরণার্থী শিবির
কক্সবাজার জেলার টেকনাফে একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ক্যাম্পে হামলা চালিয়ে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলী হোসেন (৫৫) ওই আনসার ক্যাম্পের কমান্ডারের দায়িত্বে ছিলেন। তিনি টাঙ্গাইলের সফিপুর এলাকার শুক্কুর আলীর ছেলে।
শরণার্থী ক্যাম্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাসেম জানান, শুক্রবার ভোররাতে টেকনাফের হ্নীলার মুচনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাদের হামলায় আরও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। এসময় ১১টি আগ্নেয়াস্ত্র, ৬ শতাধিক রাউন্ড গুলি লুট হয়েছে।
ওসি আরও জানান, ভোর ৩টার দিকে একদল ডাকাত শরণার্থী ক্যাম্পের অস্ত্রাগারের প্রহরীকে বেঁধে রেখে অস্ত্র লুট করে। এ সময় পাশে আরেক সদস্য আলী আহমদ ঘুম থেকে জেগে উঠলে তাকে গুলি করে মুখোশধারীরা। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। হামলাকারীদের ডাকাত বলা হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি ওসি।
এদিকে, কুমিল্লা সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত তিনজন।
আজ ভোর সাড়ে ৫টার দিকে নোয়াপাড়ায় পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামসুজ্জামান জানান, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য দুজনকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত যুবকের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।#
আশরাফুর রহমান/১৩