মহাখালীর সাততলা বস্তিতে আগুন: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i92790-মহাখালীর_সাততলা_বস্তিতে_আগুন_বিভিন্ন_মহলের_মিশ্র_প্রতিক্রিয়া
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীর সাততলা বস্তিবাসীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০২১ ১২:৪৫ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীর সাততলা বস্তিবাসীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে ফখরুল বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত এদের বাসস্থানের ব্যবস্থা করা এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া। উল্লেখ্য গতকাল মহাখালী বস্তিতে এক অগ্নিকান্ডে প্রায় এক হাজার বস্তিঘর পুরে ছাই হয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, কী কারণে আগুন লাগল, কেনো লাগল। এদের (বস্তিবাসীদের) জন্য দীর্ঘস্থায়ী ব্যবস্থা কী করা যায়, তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা নিতে হবে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এখানে ভাসমান মানুষ, কেউ গৃহপরিচারিকার কাজ করেন, কেউ রিকশা চালান, কেউ বুট পালিশ করেন। একেবারেই বাস্তহারা ছিন্নমূল মানুষগুলো এই ধরনের বস্তিতে বসবাস করেন। অন্ন-বস্ত্র, বাসস্থান মানুষের মৌলিক অধিকার। আজকে স্বাধীনতার ৫০ বছরে হয়ে গেল, কিন্তু মানুষের মৌলিক যে অধিকার, প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা আমরা সেটা করতে পারিনি। আজকে সরকার হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করছে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট ৫০ হাজার কোটি হয়ে যাচ্ছে। কিন্তু এই ছিন্নমূল মানুষগুলোর জন্য কেউ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না ।

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের সঙ্গে আপনাদের এই এলাকার মেয়রপ্রার্থী তাবিথ আওয়াল আছেন। আমি আশা করি, আগামী দু-একদিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য সামান্য হলেও দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা করবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি চালু না হয়, তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা যারা সমাজের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি তাদের কাজ হলো অবিলম্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

এদিকে,  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আশ্বাস দিয়েছেন মহাখালী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেউ অভুক্ত থাকবে না। তাদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । মঙ্গলবার (০৮ জুন) সকালে এই বস্তির বাসিন্দাদের ত্রাণসহযোগিতা করতে গিয়ে আতিকুল ইসলাম বলেন, বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার /৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।