'ত্ব-হার নিখোঁজের বিষয়ে খোঁজখবর নিচ্ছি, এর ক্লু আমরা খুঁজে বের করবো'
বাংলাদেশের জনপ্রিয় তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের নিখোঁজ হওয়ার সাত দিনের মাথায় এসে এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখ খুলেছেন।
আজ বুধবার গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ও ব্যাটালিয়ান আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচ-কাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আবু ত্ব-হা গত ১০ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি, এর ক্লু আমরা খুঁজে বের করবো। যেখানেই অপরাধ হোক, যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও আইনের আওতায় আনা হবে।
ক্রিকেটার থেকে জনপ্রিয় ইসলামী বক্তা
দেশে সম্প্রতি সময়ে বিপুলভাবে জনপ্রিয় ইসলামী বক্তা হয়ে উঠেছিলেন ৩১ বছর বয়সী তরুণ আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ওয়াজের ভিডিওগুলো খুব সমাদৃত হয়েছিল।
এক সময়কার তুখোড় ক্রিকেটার আফসানুল আদনান ত্ব-হা রংপুরের ক্রিকেট অঙ্গনে সবার পরিচিত মুখ ছিলেন। বাবার মৃত্যুর পর রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নানার বাড়িতে বড় হয়েছেন তিনি। রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গণ্ডি পেরিয়ে রংপুর কারমাইকেল কলেজ থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকে পড়ার সময় থেকেই ধর্মের প্রতি তাঁর ঝোঁক বাড়তে থাকে। আদনান ইসলাম ধর্মের প্রচুর বই পড়তেন এবং গবেষণা করতেন। অল্পদিনেই হয়ে ওঠেন একজন ভালো ইসলামী বক্তা। তিনি উগ্রবাদকে সমর্থন করতেন না বলেও দাবি করেছেন স্বজনরা।
পরিবারের সদস্যরা জানান, দর্শনে স্নাতকোত্তর পড়ে বাড়ির পাশে আল জামেয়া আসসালাফিয়া মাদরাসায় পড়াশুনা করছেন আদনান। আদনান অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে গিয়ে জুমার খুতবা দিতেন । ক্রমশ তিনি ধর্মীয় বক্তা হিসেবেও জনপ্রিয় হয়ে ওঠেন। তার ফেসবুকে পেজের অনুসারীর সংখ্যা ৫২ হাজার।
যেভাবে নিখোঁজ
গত ১০ জুন বিকেলে ঢাকা যাওয়ার কথা বলে রংপুরের বাসা থেকে বের হন আদনান। রাত আড়াইটার দিকে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয় তাঁর। আদনানের সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিনও নিখোঁজ। তাঁদের সবার মোবাইল ফোনও বন্ধ।
ঘটনার বিবরণ দিয়ে সাবিকুন্নাহার জানান, রংপুরের বাড়ি থেকে ওই দিন বগুড়ায় একটি ধর্মীয় সভায় যোগ দেওয়ার কথা ছিল আদনানের। এরপর ঢাকায় আসার কথা। বিকেল ৪টার দিকে রংপুর থেকে একটা প্রাইভেট কারে চেপে বগুড়ার উদ্দেশে বের হন তিনি। ওই গাড়িটির মালিক রংপুরের আমির উদ্দীন, তিনিই চালান। সাধারণত রংপুর থেকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আমির উদ্দীনের গাড়িটি ব্যবহার করতেন আদনান। রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই ফোনে আদনান জানান, দুটি মোটরসাইকেলে চারজন তার গাড়িটিকে অনুসরণ করছে। এ অবস্থায় তিনি বগুড়ার সভায় যোগ না দিয়ে ঢাকার পথ ধরেন। রাত আড়াইটার দিকে তার গাড়ি গাবতলী পৌঁছেছে বলে স্ত্রীকে জানান আদনান। এরপর থেকেই আর কোনো যোগাযোগ নেই।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে গতকাল একটি চিঠি পাঠিয়েছেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার। চিঠিতে বলা হয়েছে, 'আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি।' আবু ত্বহা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক বলেও চিঠিতে আকুতি জানান স্ত্রী সাবিকুন্নাহার।
মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের
ওদিকে, ২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন রাজধানীর ভাটারার ‘আল মাদরাসাতু মুঈনুল ইসলাম’ মাদ্রাসা কর্তৃপক্ষ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মাদ্রাসাটির পক্ষে মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী বাদী হয়ে মামলাটির আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আল মাদরাসাতু মুঈনুল ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম মুফতি আতাউর রহমানের মৃত্যুর আগে বিভিন্ন সময় ছাত্র-শিক্ষকদের খাবার হিসেবে চাল, ডাল এবং ভবন নির্মাণে রড-সিমেন্টসহ মাদারাসায় বিভিন্ন ধরনের খরচ দেখিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে ২০ কোটি টাকা আত্মসাৎকরেছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।