দেশে পৌঁছেছে ৪৫ লাখ ডোজ টিকা
টিকাদানের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: সংসদে শেখ হাসিনা
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জানিয়েছেন, দেশে চলমান টিকাদান কার্যক্রম শেষ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
আজ শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। যত টাকা লাগে দেয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে দেশে। সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। দেশের ৮০ ভাগ মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী ।
দেশে পৌঁছেছে ৪৫ লাখ ডোজ টিকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনাভাইরাসের টিকা বিতরণ কর্মসূচি- কোভ্যাক্স-এর সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার ২৫ লাখ ডোজ ও চীনের কাছ থেকে বাণিজ্যিক ভাবে কেনা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা ঢাকা এসে পৌঁছেছে।
শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মডার্নার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা শাহজালাল বিমানবন্দরে আসে। এর প্রায় এক ঘণ্টা পর রাত পৌনে ১টার দিকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা নিয়ে বিমানটি শাহজালাল বিমানবন্দরে নামে।
এর ছ’ঘণ্টা পর শনিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দ্বিতীয় ধাপে সিনোফার্মের ১০ লাখ এবং সকাল পৌনে ৯টার দিকে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফলে বাংলাদেশের টিকা তহবিলে মডার্নার ও সিনোফার্মের মিলিয়ে ৪৫ লাখ ডোজ টিকা যুক্ত হল।
রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা দেশে আসবে। এমনকি আগস্ট মাসে সেরামের টিকা দেশে আসা শুরু করবে।
টিকার সঙ্কটে দেশে গণ টিকাদান কর্মসূচিতে ছন্দপতনের কথা তুলে ধরে জাহিদ মালেক বলেন, আমরা জোরেশোরে শুরুর পরও কাঙ্ক্ষিত টিকা না পাওয়ায় তা ধরে রাখতে পারিনি। আশা করছি টিকার আর কোনো অভাব হবে না। আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি, আগামীতে আরও পাব। ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে, যা ৫ কোটি মানুষকে দেওয়া যাবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সারা দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়ে গণ-টিকাদান কার্যক্রম শুরু করে সরকার। সে সময় চল্লিশোর্ধ্ব এবং অগ্রাধিকারপ্রাপ্ত ২০ শ্রেণী-পেশার নাগরিকদের এ টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়। তবে পরিকল্পনা অনুযায়ী টিকার সংস্থান না হওয়ায় এ কার্যক্রমে ঘাটতি দেখা যায়। এরপর অন্যান্য উৎস থেকে টিকা পাওয়ার ক্ষেত্রে সরকার তৎপরতা বাড়ায়।
সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
,আজ সকালে জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের তীব্র সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে গতকাল সাতক্ষীরা ও বগুড়ায় বেশ কয়েকজন করোনা রোগী মারা যাওয়ার ঘটনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন বিরোধী সদস্যরা। একজন সদস্য মন্ত্রীকে নির্লজ্জ উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেন।
আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। তবে স্বাস্থ্যমন্ত্রীকে অধিবেশন-কক্ষে দেখা যায়নি।
অক্সিজেন সংকটের বিষয় নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রথম কথা বলেন বগুড়ার বিএনপি দলীয় সদস্য জি এম সিরাজ। তিনি বলেন, অক্সিজেনের অভাবে বগুড়ায় ২ দিনে ২৪ জন মারা গেছেন। কোভিডের জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতাল ২৫০ বেডের মধ্যে আইসিইউ বেড আছে আটটি। কিন্তু হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র দুটি। ফলে বাকি আইসিইউ বেড কোনো কাজেই লাগছে না। তিনি জানান, বগুড়ায় ৩টি হাসপাতালের ৪৫০টি বেড রোগীতে ঠাসা। নতুন রোগী ভর্তি হতে পারছেন না। প্রতিটি হাসপাতালে ২০টি হাই ফ্লো অক্সিজেন সরবরাহের দাবি জানান তিনি।
বিরোধী দলের উপনেতা জাতীয় পার্টির জি এম কাদের দাঁড়িয়ে শুরুতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এক বছর আগে যে অবস্থায় ছিল, এখনো সেখানেই আছে। কোনো উন্নতি হয়নি। তিনি তাঁর নিজ এলাকার হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য যেসব চিঠি দিয়েছেন, সংসদে বক্তব্য দিয়েছেন, সেগুলো পুনরুল্লেখ করেন। তবে এগুলোর বাস্তবায়ন হয়নি বলে জানান।
জি এম কাদের বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে তিনি ছয়-সাতবার ফোন দিলেও ধরেননি। মন্ত্রীর সহকারীদের ফোন করে মন্ত্রীকে জানানোর কথা বলি। কিন্তু মন্ত্রী ফোন করেন না। #
পার্সটুডে/এআরকে/৩