আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা ষড়যন্ত্র করছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i94664-আরেকটা_ওয়ান_ইলেভেন_সৃষ্টি_করতে_সে_সময়ের_কুশীলবরা_ষড়যন্ত্র_করছে_কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে। তবে সেই দিন আর আসবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০২১ ১২:৫৭ Asia/Dhaka
  • আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা ষড়যন্ত্র করছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে। তবে সেই দিন আর আসবে না।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি হবার দিনটি স্মরনে আজ শুক্রবার দলের কেন্দ্রীয়  কার্যালয়ে আয়োজিত দলীয় আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।  

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায়  ওবায়দুল কাদের বলেন, যারা ওয়ান ইলেভেনের রঙিন খোয়াব দেখছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।

তিনি বলেন, এ দেশের রাজনৈতিক ইতিহাসে ওয়ান ইলেভেন একটি দুষ্ট ক্ষত। এ ক্ষত তৈরি হয়েছে বিএনপি’র হঠকারী এবং ক্ষমতালোভী রাজনীতির কারণে। প্রেসিডেন্ট  ইয়াজউদ্দীন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে বিএনপি একতরফা নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের মধ্য দিয়ে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরি করে।

এর আগে গতকাল ভিন্ন এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি জনগণের জন্য কিছুতো করবেই না উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে ।

তিনি বলেন, বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি মুখে বড় বড় কথা বললে তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

তিনি বলেন, এখন রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন ।

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয় এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, একটি মতলবি মহল সবসময় সরকারের অর্জনকে ম্লান করে দিতে ও বিতর্কিত করতে ওঁত পেতে থাকে, তাই স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগিদের মাঝে প্রণোদনার অর্থ পৌঁছে দেয়ার ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, এ ক্ষেত্রে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট। যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির গুজব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের জন্য সরকার কিছু করছে না, এমন কাল্পনিক অভিযোগ প্রায়শ বিএনপি করে, তারা মুখে বড় বড় কথা বললেও মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা যায় না।

ভ্যাকসিন নিয়ে দুর্ভাবনার কোন কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা যতক্ষণ আছেন, তাঁর নেতৃত্বের উপর আস্থা রাখুন, এদেশে সংকট ও দুর্যোগে অসীম সাহসিকতা নিয়ে যিনি অবিচল থাকেন তিনিই শেখ হাসিনা। নিজের জীবন বাজি রেখে যিনি জনগণের মুখে হাসি ফোটান, তিনিই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন নিয়ে গুজবে কান দিবেন না। প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে দেশে আসবে, এনিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করলে লকডাউনের প্রয়োজন হয় না, মাস্ক পরিধানের মধ্যেই রয়েছে করোনা থেকে নিস্কৃতির কার্যকর পথ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৬