কিশোরগঞ্জের ৩ নবীন-প্রবীণ শ্রোতার সঙ্গে প্রাণবন্ত আড্ডা
https://parstoday.ir/bn/news/bangladesh-i94798-কিশোরগঞ্জের_৩_নবীন_প্রবীণ_শ্রোতার_সঙ্গে_প্রাণবন্ত_আড্ডা
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। গত ১৫ জুলাই, বৃহস্পতিবার আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেয়ার জন্য কিশোরগঞ্জ সদর উপজেলার ভূবিরচর গ্রামে যাই। সেখানে অনেকের সাথেই পরিচয় হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৯, ২০২১ ১৪:০১ Asia/Dhaka
  • (বাম থেকে) মোঃ দীন ইসলাম, রুহুল আমিন মোঃ শাহাদত হোসেন ও বাছির উদ্দিন
    (বাম থেকে) মোঃ দীন ইসলাম, রুহুল আমিন মোঃ শাহাদত হোসেন ও বাছির উদ্দিন

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। গত ১৫ জুলাই, বৃহস্পতিবার আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেয়ার জন্য কিশোরগঞ্জ সদর উপজেলার ভূবিরচর গ্রামে যাই। সেখানে অনেকের সাথেই পরিচয় হয়।

তবে উল্লেখ করতে চাই সিলেট টেক্সটাইলস মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাছির উদ্দিন, ১৯৬৫ সাল থেকে রেডিও শোনা ভূবিরচর গ্রামের প্রবীণ বেতার শ্রোতা রুহুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স সম্পন্ন করা মোঃ দীন ইসলামের সাথে পরিচিত হওয়ার কথা।

তবে উক্ত তিন ব্যক্তির সাথে শুধু পরিচিত হওয়ার কথা বলার জন্য এ চিঠি নয়, আসলে এ তিনজনের সাথে ঘন্টা দেড়েক আলোচনা করে যে জ্ঞানের পরিচয় পেয়েছি, সেটা বলার জন্যই এ চিঠির অবতারণা।

কথা ছিল এক ঘন্টার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শেষ করে ফিরে আসব। কিন্তু অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জ আইআরআইবি ফ্যান ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম আতিক আপ্যায়নের জন্য জোর করে তার বাড়িতে নিয়ে যান। সেখানে চা-বিস্কুট খেতে খেতে উপরোক্ত তিনজনের সাথে যে আড্ডা হয়, তা কখনো ভুলবার নয়। জ্ঞানী ব্যক্তিদের সঙ্গ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।

জনাব বাছির উদ্দিন শুধু একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নন, তিনি এখনো নিয়মিত পড়াশোনা করেন, লেখালেখি করেন। ইসলাম ও ইরান সম্পর্কে তাঁর জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। ইরানের সাথে অন্য মুসলিম দেশগুলোর কোথায় পার্থক্য, আহলে বাইতের সদস্যদের গুরুত্ব এবং আহলে বাইতের সদস্যরা কিভাবে ইসলাম ও ইরানের উন্নয়নে ভূমিকা রাখছেন সে কথা তিনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন।

শুধু তাই নয়, ইউরোপ-আমেরিকা কেন ও কিভাবে মুসলমানদের ক্ষতি করছে এবং ইরান কিভাবে তা প্রতিরোধের চেষ্টা করছে- সে কথাও তিনি সাবলীল ভাষায় উপস্থাপন করেন। তাঁর সাথে এসব আলোচনা খুবই ভালো লেগেছে।

অন্যদিকে মোঃ দীন ইসলাম সদ্য এমএ পাস করা শিক্ষার্থী। তরুণ, মার্জিত ও ভদ্র। সবচেয়ে বড় কথা বাংলায় অনার্স-মাস্টার্স করলেও বিশ্বের ইতিহাস ও অর্থনীতি সম্পর্কে তিনি ‍খুবই ওয়াকিবহাল। আড্ডায় তিনি আমাদেরকে ন্যাটো জোট, ওয়ারসো জোট এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানের ভূমিকা সম্পর্কে চমৎকার বাখ্যা দিলেন।

তিনি বিশ্লেষণ করে বললেন যে, মুসলমানদের জন্য এরদোগানের কান্না আসলে মায়া কান্না। তিনি মূলতঃ সাম্রাজ্য বিস্তারের স্বপ্নে বিভোর। তাই মুসলমানদের সহানুভূতি আদায়ের জন্য তাদের পক্ষে কথা বলেন, আবার নিজের ক্ষমতা বৃদ্ধি ও স্বার্থ হাসিলের জন্য ইসরাইল-আমেরিকার সাথে সম্পর্ক রাখেন। মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই নিঃস্বার্থভাবে মুসলমানদের পক্ষে কাজ করে যাচ্ছে।

৫৫ বছরের অধিক সময় ধরে বেতার শুনছেন, এমন কারো সাথে পরিচিত হতে পারার চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে! আমি সে সৌভাগ্যবানদের একজন। ভূবিরচর গ্রামের মুরুব্বী জনাব রুহুল আমিন হলেন সেই ব্যক্তি, যিনি ১৯৬৫ সাল থেকে রেডিও শোনেন। কিশোর, যৌবন, বার্ধক্য- সব বয়সেই রেডিও তাঁর সঙ্গী। রেডিও শোনা নিয়ে তিনি কিছু স্মৃতিচারণ করলেন, আর আমরা তা মন্ত্রমুগ্ধের মত শুনলাম। তাঁর সে ভালোবাসা স্থানান্তরিত হয়েছে তাঁর ছেলেদের মাঝেও। ফ্যান ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম আতিক রেডিও শোনা শুরু করেন বাবার পাশে বসেই।

এতো গেল তাঁদের কথা, কিন্তু আমি কি করলাম? বিশ্ব, ইরান ও রেডিও নিয়ে আড্ডা হলেও আমি কিন্তু রেডিও তেহরানের কথা ভুলিনি। তাইতো তাঁদের কথার ফাঁকে ফাঁকে রেডিও তেহরানের কথা উল্লেখ করেছি। বলেছি ইসলাম, আহলে বাইত ও ইরান সম্পর্কে আরো জানতে হলে রেডিও তেহরান তাঁদেরকে আরো বেশি সাহায্য করতে পারবে। আর তাঁরাও বলেছেন যে, এখন থেকে তাঁরাও রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনবেন। এটিই আমার সাফল্য। নতুন তিনজন জ্ঞানী ব্যক্তি যদি রেডিও তেহরান শোনেন, আমার কাছে তার চেয়ে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না।      

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ

কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।