শেখ হাসিনার প্রতি আস্থা রাখার পরামর্শ ওবায়দুল কাদেরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i95168-শেখ_হাসিনার_প্রতি_আস্থা_রাখার_পরামর্শ_ওবায়দুল_কাদেরের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভয়াবহ করোনা সংক্রমণ মোকাবেলায় এবং দেশের মানুষের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০২১ ১২:২০ Asia/Dhaka
  • সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
    সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভয়াবহ করোনা সংক্রমণ মোকাবেলায় এবং দেশের মানুষের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (বুধবার) নিজে বাসভবনে ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকে ওবায়দুল কাদের স্বীকার করেছেন, ‘বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি, এমন বাস্তবতায় মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন সরকার। ’

দুর্যোগ ও সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা রয়েছে জানিয়ে ওবায়দুল বলেন, ‘প্রধানমন্ত্রী জনমানুষের আস্থা পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং করোনার এমন সংকটে তিনি বিনিদ্র রজনীও যাপন করছেন।

তিনি দাবী করেন,  ‘জীবন ও জীবিকার সমন্বয় করার জন্য প্রধানমন্ত্রী দূরদর্শী সিদ্ধান্তে  দেশের সামষ্টিক অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।’

করোনার এই কঠিন পরিস্থিতিতে সবাইকে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংক্রমণ রোধে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সচেতনতা তৈরির পাশাপাশি সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে লকডাউন শিথিলের কথা বললেও এমন সংকটকালে জীবনের সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে,তাই মনে রাখতে হবে কারো কারো অবহেলায় পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে, এ অবস্থা চলমান থাকলে অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। ’

ব্যাপকহারে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন প্রদানকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই। মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন নিশ্চিত করতে চূড়ান্ত করা হয়েছে ভ্যাকসিন রোডম্যাপ।‘#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ মো.আবুসাঈদ /২8

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।