পদ্মা সেতুতে আবারো ফেরির ধাক্কা: সেতু নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i95892-পদ্মা_সেতুতে_আবারো_ফেরির_ধাক্কা_সেতু_নিয়ে_ষড়যন্ত্র_এখনো_শেষ_হয়নি_কাদের
ভরা বর্ষাকালে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সৃষ্ট ঘূর্ণিপাকে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেরী জাহাজ নির্মিয়মান পদ্মা সেতু’র পিলারে আবারও আঘাত করেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৩, ২০২১ ১৬:৪৭ Asia/Dhaka
  • পদ্মা সেতুতে আবারো ফেরির ধাক্কা: সেতু নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: কাদের

ভরা বর্ষাকালে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সৃষ্ট ঘূর্ণিপাকে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেরী জাহাজ নির্মিয়মান পদ্মা সেতু’র পিলারে আবারও আঘাত করেছে।

মাত্র চার দিনের ব্যবধানে আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে কাকলি নামে ছোট একটি ফেরি।  মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ নিয়ে গত জুলাই ও আগস্টে পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটল।

বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে এই সমস্যা বারবার হচ্ছে। এক দিনের ব্যবধানে পদ্মায় পাঁচ থেকে ছয় ফুট পানি বেড়েছে। তাই স্রোত আগের তুলনায় আরও বেড়েছে। এ অবস্থায় ছোট–বড় সব ফেরি চালানো ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার ঘটনার পরিপ্রেক্ষিতে ফেরী ঘাট সরিয়ে নেওয়ার  সিদ্ধান্ত  নিয়েছে  নৌপরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি ঘাট স্থানান্তর না হওয়া পর্যন্ত বাংলাবাজার-শিমুলিয়া রুটে রো রো ফেরি না চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তীব্র স্রোতের কারণে তৈরি ঘূর্ণিই ফেরির বারবার ধাক্কার কারণ উল্লেখ করে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ফেরি চলাচলের পথে পদ্মা সেতু এলাকা এড়ানোর জন্য বাংলাবাজার ঘাট স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে  সরকার। এই ঘাটটি শরীয়তপুরের জাজিরায় মাঝিরকান্দি ঘাটে নেওয়া হবে। ঘাট সরানোর কাজে এক থেকে দেড় মাস সময় লাগবে।

এদিকে আজ চতুর্থবার পদ্মা সেতুর পিলারে ফেরি আঘাত করার  খবর  জেনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘পিলারে হালকা আঘাত লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছি না। চালকদের দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পদ্মা সেতু পুরোপরি চালু হলে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের বাঁধ রক্ষায় শরীয়তপুরের জাজিরায় মাঝিরকান্দিতে ফেরিঘাট স্থানান্তরের বিষয়টি পরিকল্পনায় রয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেছেন, 'পদ্মা সেতুর কোনও জায়গায় ধাক্কা লাগলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে। যদিও এ ধরনের ধাক্কায় সেতুর কোনও ক্ষতির আশঙ্কা নেই। তারপরও বার বার আঘাতে মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। এতে আমরা খুবই বিব্রত বোধ করছি।'

এর আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয়  এক আলোচনা সভায় বলেছেন, ‘ফেরির ধাক্কা বারবার কেন? একবার নয়, দুবার নয়, চার–চারবার। অদক্ষতার জন্য চালককে শাস্তি দিলেন। চাকরিচ্যুত করলেন। চালকের অদক্ষতা, নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে হবে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বারবার এ ঘটনা কেন ঘটবে? আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র ছিল, তা এখনো শেষ হয়নি।’

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ফেরির ধাক্কায় সেতুর মৌলিক কোনো ক্ষতি না হলেও বারবার ধাক্কা তাঁদের ভাবনায় ফেলেছে। এ জন্য সুরক্ষার জন্য বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ  সূত্র  জানিয়েছে, , আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে কাকলী নামের কে-টাইপ ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এর আগে গত সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি 'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর' নিয়ন্ত্রণ হারিয়ে সেতুটির ১০ নম্বর পিলারে আছড়ে পড়ে। এতে পিলার ও ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরিতে থাকা গমভর্তি একটি ট্রাক উল্টে দুটি প্রাইভেট কারের ওপর পড়ে। এ দুর্ঘটনায় আহত হন ফেরিতে থাকা  বেশ কয়েকজন যাত্রী।

তার আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগে। ২০ জুলাই রো রো ফেরি শাহ মখদুম ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছিল। ২৩ জুলাইয়ের ঘটনায় বিআইডাব্লিউটিসি একটি তদন্ত কমিটি গঠন করে। এতে চালক মাস্টার আব্দুল রহমানসহ দুজনকে দোষী সাব্যস্ত করা হয়। #

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৩