বঙ্গবন্ধুর তিন খুনির তথ্য দিতে পারলে পুরস্কার-পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i95968-বঙ্গবন্ধুর_তিন_খুনির_তথ্য_দিতে_পারলে_পুরস্কার_পররাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছতে চেয়েছিলো, তারাই আজ মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০২১ ১১:৫৫ Asia/Dhaka
  • বঙ্গবন্ধুর তিন খুনির তথ্য দিতে পারলে পুরস্কার-পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছতে চেয়েছিলো, তারাই আজ মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ রোববার সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সেদিন ৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়,একজন স্বাধীনতার স্থপতির। সে রক্তাক্ত নিথর শরীর ছিলো সবুজ - শ্যামল বাংলার প্রতীক,মাটি ও মানুষের আজন্ম ধারকের বুক বিদীর্ণ করেনি বুলেট,করেছিলো তারই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল-সবুজের হৃদয়।  ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনো সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক,পদ্মাসেতু, মেট্রোরেল কর্ণফুলী টানেল হোক।

নেপথ্যচারীদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে: আইনমন্ত্রী

ওদিকে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদেরকে খুঁজে বের করতে, তাদেরকে চিহ্নিত করতে একটি কমিশন গঠন করা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন- যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল, তাদেরকে চিহ্নিত করে বাংলার মানুষের কাছে সাক্ষ্য প্রমাণসহ তাদের মুখোশ উন্মোচন করার জন্য একটি কমিশন হওয়া প্রয়োজন। আরও আগেই হয়তো কমিশন গঠন হয়ে যেত। কিন্তু করোনা মহামারির কারণে এটা একটু বিলম্ব হচ্ছে। করোনার প্রকোপ কিছুটা কমে আসলে কমিশন গঠন করব।’

তিনি বলেন, এই কমিশনের মাধ্যমে আইনানুগভাবে যারা এই হত্যাকাণ্ডের কুশীলব ছিল, যারা নেপথ্যে থেকে লাভবান হওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ যাতে সঠিক ইতিহাস জানতে পারে, কারা মিরজাফর, বেঈমান, নিমক হারাম সেটা জানতে পারে সেজন্য কমিশনের মাধ্যমে যারা পিছনে ছিল, যারা নেপথ্যে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের পরিচয় জনগণের সামনে উন্মোচন করা হবে। শেখ হাসিনার সরকারের অঙ্গীকার বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিদেরকে এনে বিচারের রায় কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধরার আনার প্রচেষ্টা চলবেই।

খুনির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কার:পররাষ্ট্রমন্ত্রী

ওদিকে, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন খুনির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।  রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের পর ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘পালিয়ে থাকা দুই খুনির বিষয়ে আমরা তথ্য জানি। খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আর নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। তবে বাকি তিন খুনির অবস্থান স্পষ্ট নয়। তারা কোথায় আছেন, কেউ জানাতে পারলে পুরস্কার দেব।’ তিনি বলেন, ‘কানাডার বিশেষ আইন আছে যে তারা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে দেয় না। আমরা অনুরোধ করবো নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে। আর রাশেদ চৌধুরীর নথি পর্যালোচনা করা হচ্ছে। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী।’

জিয়াউর রহমান, এইচ এম এরশাদ ও খালেদা জিয়া সরকারে থাকাকালে বঙ্গবন্ধুর খুনিদের মদদ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন আব্দুল মোমেন।

আর একবার যদি বঙ্গবন্ধুর সাথে দেখা হতো: আসম রব

এদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি  সভাপতি আ স ম আবদুর রব ১৫ আগষ্ট উপলক্ষ্যে  সংবাদপত্রে এক নিবন্ধ প্রকাশ করে বলেছেন, “বাঙালির চিরকালের লজ্জা জাতি হিসেবে বঙ্গবন্ধুকে সুরক্ষা দিতে পারেনি। ষড়যন্ত্র ও চক্রান্ত অবহিত হবার পরও তৎকালীন সরকার বঙ্গবন্ধুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ করেনি। এটাই বড় ধরনের ট্রাজেডি। এজন্য তৎকালীন সরকার, দল বা দলের কাউকে অনুতপ্ত হতে দেখিনি আজ পর্যন্ত।

আসম রব লিখেছেন, আর একবার যদি বঙ্গবন্ধুর সাথে দেখা হতো, আমাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলতাম, কী লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন করা হয়েছিল আর এখন আমরা কোন অবস্থানে আছি, কিভাবে আমরা ভুল রাজনীতি ও অতি ক্ষমতার লোভে স্বাধীনতার লক্ষ্য, স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছি তা নিয়ে কথা বলতাম।#

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।