'আওয়ামী লীগের গণতন্ত্র শুধু মুখেই, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না'
https://parstoday.ir/bn/news/bangladesh-i98534-'আওয়ামী_লীগের_গণতন্ত্র_শুধু_মুখেই_তাঁরা_গণতন্ত্রে_বিশ্বাস_করেন_না'
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে 'ভোট চোর' আখ্যায়িত করে বলেছেন, যারা আগের রাতে ভোট চুরি করে নিয়ে যায়, ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত করে, বন্দুক আর পিস্তল দিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে থাকে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১২, ২০২১ ১৪:৩৬ Asia/Dhaka
  • 'আওয়ামী লীগের গণতন্ত্র শুধু মুখেই, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না'

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে 'ভোট চোর' আখ্যায়িত করে বলেছেন, যারা আগের রাতে ভোট চুরি করে নিয়ে যায়, ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত করে, বন্দুক আর পিস্তল দিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে থাকে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

তিনি বলেছেন, আওয়ামী লীগের  গণতন্ত্র শুধু মুখেই; তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না। আজ মঙ্গলবার রাজধানীতে  কৃষক দলের বর্ধিত সভা উদ্বোধন কালে মির্জা ফখরুল বলেন, ২০১৪ ও ২০১৮ সালে কোনো নির্বাচন হয়নি। মানুষ ভোট দিতে পারেননি। বর্তমান সরকার ১২ বছর ধরে এ দেশের মানুষের ওপর অত্যাচার করছে। শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি মানুষের কোনো আস্থা নেই। বিএনপির মধ্যে গণতন্ত্র নেই-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, তাঁর কথায় ঘোড়াও হাসে।

গণ-অভ্যুত্থান করে সরকার পতনের চিন্তা দিবাস্বপ্ন ; ওবায়দুল কাদের

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ’৯০–এর পটভূমি আর ২০২১–এর পটভূমি এক নয়। সুতরাং গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে।

তিনি আজ মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এ দেশের জনগণ। আর ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং দেশের ভোটাররা। ওবায়দুল কাদের বলেন, জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে, কিন্তু বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। বিএনপি এখন প্রেসক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ দলের মধ্যে জালিয়াতির কথা উল্লেখ করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যাঁরা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত, তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।