ইরানি প্রেসিডেন্টের মন্তব্য
গাজার ১৫ হাজার শিশু হত্যা ইসরাইলি শাসনের অবসান ঘটাবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজায় যে ১৫ হাজার শিশু হত্যা করেছে তার মধ্য দিয়ে বর্ণবাদী শক্তির অবসান ঘটবে।
গতকাল (মঙ্গলবার) ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ নগরীতে ইমাম রেজা (আ.) এর ওপর অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক কংগ্রেসে দেয়া ভাষণে তিনি একথা বলেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, গাজার এইসব শিশু শহীদের রক্তের শক্তি এতটাই বেশি যে, তা শুধুই ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটাবে না বরং সারা বিশ্বের অন্যায়-অবিচার দূর করবে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, “আমাদের কোনো সন্দেহ নেই যে, ১৫ হাজার ফিলিস্তিনি শিশুর যে রক্ত মাটিতে ঝরেছে তা ইহুদিবাদী ইসরাইলের জীবনের অবসান ঘটাবে এবং বিশ্বকে সঠিক ব্যবস্থাপনার দিকে নিয়ে যাবে।”
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে তার প্রশংসা করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, “আমেরিকার হাজার হাজার ছাত্র সত্যের পক্ষে অত্যন্ত সাহসের সঙ্গে দাঁড়িয়েছে। বিশ্বের মানুষ এই সত্য বুঝতে পেরেছে যে, বর্তমানে যে ব্যবস্থার মধ্য দিয়ে বিশ্ব শাসিত হচ্ছে তা সঠিক এবং সত্য নয়, অবশ্যই এর পরিবর্তন করতে হবে। কিন্তু এত দ্রুত পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এভাবে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাবে কে চিন্তা করতে করেছিল? আজকের মানবিক বিশ্ব বুঝতে সক্ষম হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে ক্যান্সার আক্রান্ত টিউমার এবং এই টিউমার অবশ্যই ধ্বংস করতে হবে যাতে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং সারা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারে।”#
পার্সটুডে/এসআইবি/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।