আমেরিকার আরেকটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i138128-আমেরিকার_আরেকটি_এমকিউ_৯_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেন
গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সেনাবাহিনী আরেকটি অত্যাধুনিক মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ৩০, ২০২৪ ১১:০১ Asia/Dhaka
  • আমেরিকার আরেকটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সেনাবাহিনী আরেকটি অত্যাধুনিক মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, দেশটির এয়ার ডিফেন্স ফোর্স বুধবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

বিবৃতিতে বলা হয়, “স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয়।”

এ নিয়ে গত কয়েক দিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল। ভারী ও অত্যাধুনিক ড্রোনটি নির্মাণে তিন কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। 

ওয়াশিংটন দাবি করে, এই ড্রোন যেকোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের ছয়টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে।

গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গণহত্যা শুরু করার এক মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে। প্রতিরোধ অক্ষে যোগদানকারী দেশটি ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তার সামরিক অভিযান শুরু করে যা এখনও চলছে।

এরপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইসরাইলের সমর্থনে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালালে সানা ঘোষণা দিয়ে ইঙ্গো-মার্কিন লক্ষ্যবস্তুকে তাদের হামলার বৈধ লক্ষ্যে পরিণত করে। বুধবারের বিবৃতিতে আরো বলা হয়, “ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইঙ্গো-মার্কিন আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে।”

ইয়েমেনের বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আলী আল-হুথি আমেরিকার  প্রতি তার দেশে আরো বেশি এমকিউ-৯ ড্রোন পাঠানোর আহ্বান জানিয়ে বলেছেন, “আমরা এই ড্রোন ভূপাতিত করার বিষয়টিকে উপভোগ করছি।”#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।