মার্কিন মদদে হানিয়াকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/event-i140238-মার্কিন_মদদে_হানিয়াকে_হত্যা_করেছে_ইহুদিবাদী_ইসরাইল_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনায় এবং মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদে রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৪, ২০২৪ ০৬:৩৩ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনায় এবং মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদে রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালোনো হয়েছে যাতে আনুমানিক সাত কেজি ওজনের একটি বোমা ছিল। বোমাটি ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হয়।

বিবৃতিতে বলা হয়, হামাস নেতা যে বাসভবনে ছিলেন তার বাইরে থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল।

ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নেতার হুমকি দিয়ে আইআরজিসি বলেছে, ইহুদিবাদী সরকারকে কঠোর শাস্তি পেতে হবে, তবে তা হবে উপযুক্ত সময়, স্থান ও পদ্ধতিতে।

গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন ইসমাইল হানিয়া। তিনি ৩১ জুলাই তেহরানে তার জন্য নির্ধারিত বাসস্থানে নিজের একজন দেহরক্ষীসহ শহীদ হন।

হানিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে ‘কঠোর জবাব’ দেয়ার হুমকি দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। যেকোনো মুহূর্তে ইসরাইলে ইরানি হামলা শুরু হতে পারে- এই আশঙ্কায় বিশ্বের অন্তত পাঁচটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তেল আবিবে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। #                                                                         

পার্সটুডে/এমএমআই/এমএআর/৪