‘হামাসকে পরাজিত করার অন্য কোনো রাস্তা নেই’
গাজা দখল না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি স্মোটরিচের
গাজা উপত্যকা দখল না করলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইহুদিবাদী ইসরাইল সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন উগ্র ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন।
স্মোটরিচ বলেন, ইসরাইলকে অবশ্যই গাজা দখলে নিয়ে সেখানে একটি অস্থায়ী সামরিক সরকার গঠন করতে হবে। কারণ, হামাসকে পরাজিত করার অন্য কোনো রাস্তা নেই।
গাজা যুদ্ধের শুরু থেকেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলে পদত্যাগ করার হুমকি দিয়ে আসছিলেন নেতানিয়াহু মন্ত্রিসভার দুই উগ্র ডানপন্থি সদস্য স্মোটরিচ ও বেন-গাভির। রোববার নিজের প্রতিশ্রুতি অনুযায়ী বেন-গাভির পদত্যাগ করলেও নিজের পদ এখনও ছাড়েননি স্মোটরিচ।
তিনি আরো বলেন, “গোটা গাজা উপত্যকা দখল করে সেটির নিয়ন্ত্রণ সম্পূর্ণ গ্রহণ না করলে আমি সরকারের পতন ঘটিয়ে ছাড়ব।”
এর আগে গত বুধবার কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় ইসরাইল হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তি করে তাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছিলেন বেজালেল স্মোটরিচ। তিনি রোববার আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে গাজায় খাদ্য ও ওষুধসহ সব ধরনের মানবিক ত্রাণের বহর আটকে দেয়ার জন্যও নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বেন-গাভির ও স্মোটরিচ দুই মন্ত্রীই শুরু থেকে বলে আসছিলেন যে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অর্থ হবে গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয়। ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সেকথা জানতেন বলে এতদিন হামাসের সঙ্গে চুক্তি না করে বলপ্রয়োগের মাধ্যমে গাজায় আটক পণবন্দিদের মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু সে প্রচেষ্টায় সফলতার মুখ দেখা যাবে না বলে নিশ্চিত হওয়ার পর নেতানিয়াহু হামাসের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছেন। #
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।