হামাসের মহান নেতাদের শাহাদাত মানে প্রতিরোধের সমাপ্তি নয়
হামাস কমান্ডার মো. দেইফের শাহাদাতের ঘোষণায় প্রতিরোধ শক্তিগুলোর প্রতিক্রিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফসহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করার পর এ বিষয়ে বেশ প্রতিক্রিয়া হয়েছে। ফিলিস্তিনি দলগুলো ঘোষণা করেছে: "তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে।"
ইরানের বার্তাসংস্থা ইসনার উদ্ধৃতি দিয়ে সাহাব চ্যানেল জানিয়েছে, প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্ট এক বিববৃতিতে হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফসহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের ঘটনায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "শহীদ দেইফ সফলভাবে আল-আকসা ঝড় অভিযান চালিয়ে ইহুদি ইসরাইলের সব হিসাব-নিকাশ ওলট পালট করে দিতে সক্ষম হন।
প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্টের বিবৃতিতে আরো বলা হয়েছে, কমান্ডারদের শাহাদাতের ফলে প্রতিরোধ শক্তিতো দুর্বল হবে না বরং আমাদের সংকল্প ও ইচ্ছাশক্তি আরো সুদৃঢ় হবে।
এই ফ্রন্টের সামরিক শাখা 'শহীদ আবু আলী মুস্তাফা' ব্রিগেডসও আল-কাসসাম ব্রিগেডের প্রধান এবং আল-আকসা ঝড় অভিযানের পরিকল্পনাকারী মুহাম্মদ দেইফের শাহাদাতের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, "দেইফ এবং তার সহযোদ্ধাদের শাহাদাতের ঘটনা প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইহুদিবাদী ইসরাইলকে পুরোপুরি ধ্বংস করে ফিলিস্তিন ভূখণ্ড মুক্ত করা, ফিলিস্তিনিদের অধিকার পুনরুদ্ধার করা এবং লেবানন ও সিরিয়ার ভূখণ্ড পুনরুদ্ধারে প্রেরণাদায়ক হয়ে থাকবে।"
আল-আকসা শহীদ ব্রিগেডও এক বিবৃতিতে ফিলিস্তিনি জাতি এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, বীর কমান্ডারদের শাহাদাত তাদেরকে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ইসরাইল বিরোধী সংগ্রাম এবং জাতীয় ঐক্যের পথ অব্যাহত রাখার পাশাপাশি বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।
'ফিলিস্তিনি পপুলার রেজিস্ট্যান্স মুভমেন্টের' মহাসচিব শেইখ আবু কাসেম দাগমাশ তার প্রতিক্রিয়ায় বলেছেন, মুহাম্মদ দেইফ এবং তার সহকর্মীদের শাহাদাতে জিহাদ ও প্রতিরোধ থেমে থাকবে না বরং ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার এবং ফিলিস্তিনি ভূমির এক ইঞ্চিও ছাড় না দেওয়ার সংকল্প আরো সুদৃঢ় করবে।
"ইসলামি জিহাদ মুভমেন্ট পার্টি"ও এক বিবৃতি বলেছে যে মুহাম্মদ দেইফ এবং তার সঙ্গীরা সাহস, ত্যাগ এবং নিষ্ঠার জীবন্ত উদাহরণ এবং দখলদাররা ফিলিস্তিনি জনগণের প্রাণপ্রিয় নেতাদের শহীদ করে তাদের প্রতিরোধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না।
ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিক্রিয়া:
এদিকে, ফিলিস্তিনি ইসলামি জিহাদ আন্দোলনের উপ-মহাসচিব জোর দিয়ে বলেছেন যে, "প্রতিরোধ শক্তির কাছ থেকে ছাড় আদায় করার দিন শেষ হয়ে গেছে এবং হামাসের মহান নেতাদের শাহাদাত মানে প্রতিরোধের সমাপ্তি নয়।"
ইরনার বরাত দিয়ে ইরানের সাহাব চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিন ইসলামিক জিহাদ আন্দোলনের উপ-মহাসচিব মুহাম্মদ আল-হিন্দ বলেছেন: "হামাস যোদ্ধারা শেষ দিন পর্যন্ত এবং এমনকি গাজায় তাদের কমান্ডারদের শাহাদতের পরেও লড়াই চালিয়ে গেছেন।" তিনি আরও বলেছেন: "ফিলিস্তিনের প্রতিরোধ শক্তি ইসরাইলকে আলোচনায় বসতে বাধ্য করে এবং বন্দী বিনিময় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য পরাজয়।"
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রতিক্রিয়া:
ওদিকে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন "মোহাম্মদ দেইফ" এর শাহাদাতের ঘোষণায় শোক প্রকাশ করে বলেছে, ফিলিস্তিনি কমান্ডার এই ভূমির স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতিতে হামাস-এর সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার শহীদ মুহাম্মদ দেইফকে "মুসলিম উম্মার মহান শহীদ" হিসাবে অভিহিত করেছেন যিনি ফিলিস্তিনের মুক্তির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই ফিলিস্তিনি কমান্ডার এবং তার সঙ্গীদের শাহাদাত সমগ্র জাতির জন্য এক বিরাট ক্ষতি হলেও তা বিজয় অর্জন না করা পর্যন্ত সংগ্রাম ও প্রতিরোধের পথ অব্যাহত রাখার ক্ষেত্রে শক্তিশালী প্রেরণা হয়ে থাকবে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন আরো বলেছে, ইসরাইল পুরোপুরি ধ্বংস এবং সমগ্র ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। তারা হামাসসহ সমস্ত প্রতিরোধ গোষ্ঠীর প্রতি সমর্থন ইয়েমেনের সমর্থন বজায় থাকবে। একই সাথে আনসারুল্লাহ আন্দোলন দখলদার ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এবং ফিলিস্তিনিদের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতি সমর্থন দিতে মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়েছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।