হামাসের বিবৃতি
যুদ্ধ-পরবর্তী গাজা পরিচালনা করবে টেকনোক্র্যাট কমিটি : ফিলিস্তিনি দলগুলো
-
গাজা উপত্যকার একটি অংশের দৃশ্য
পার্সটুডে: শুক্রবার ফিলিস্তিনি দলগুলো একমত হয়েছে যে যুদ্ধ-পরবর্তী গাজার পরিচালনার দায়িত্ব টেকনোক্র্যাটদের একটি স্বাধীন কমিটি নেবে।
হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে, কায়রোতে এক বৈঠকে ফিলিস্তিনি দলগুলো "গাজা উপত্যকার প্রশাসনকে স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে হস্তান্তর করতে" সম্মত হয়েছে।
এতে বলা হয়েছে যে কমিটি "আরব ভাই এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবন ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে।" বিবৃতিতে আরও বলা হয়েছে যে, "ফিলিস্তিনিদের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করার জন্য" একটি অভিন্ন নীতি-অবস্থান গ্রহণের উদ্যোগ নিতে দলগুলো একমত হয়েছে।
এতে "একটি জাতীয় কৌশল নিয়ে একমত হতে এবং ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন তথা PLO-কে পুনরুজ্জীবিত করার জন্য" সকল শক্তি এবং উপদলের একটি বৈঠকের আহ্বান জানানো হয়েছে। হামাস PLO-এর অংশ নয়, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আন্দোলন, ফাতাহ-এর আধিপত্য রয়েছে।
বৃহস্পতিবার একটি ওয়াকিবহাল সূত্র এএফপিকে জানিয়েছে যে গাজায় মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের বিষয়ে আলোচনা করতে হামাস এবং ফাতাহের প্রতিনিধিদল কায়রোতে বৈঠক করেছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে যে, উভয় পক্ষই "আগামী সময়ে বৈঠক চালিয়ে যেতে এবং ইসরায়েলি চ্যালেঞ্জ মোকাবেলায় ফিলিস্তিনি অভ্যন্তরীণ ফ্রন্ট সংগঠিত করার জন্য কাজ করতে" সম্মত হয়েছে।
হামাস-ফাতাহ আলোচনার পাশাপাশি, মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ ফিলিস্তিনিদের গুরুত্বপূর্ণ দলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। এইসব দলেরএমধ্যে ছিল হামাসের মিত্র ইসলামিক জিহাদ, সেইসাথে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন - শেষোক্ত দুই গ্রুপই পিএলওর মধ্যে ছিল। #
পার্স টুডে/এমএএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।