অপহৃত মাদুরোর ছবি প্রকাশ, ভেনেজুয়েলা থাকবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i155744-অপহৃত_মাদুরোর_ছবি_প্রকাশ_ভেনেজুয়েলা_থাকবে_যুক্তরাষ্ট্রের_নিয়ন্ত্রণে_ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর প্রথমবারের মতো তাঁর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে অপহৃত মাদুরোর এই ছবি প্রকাশ করা হয় ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৩, ২০২৬ ২৩:৩৮ Asia/Dhaka
  • অপহৃত মাদুরোর ছবি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প
    অপহৃত মাদুরোর ছবি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর প্রথমবারের মতো তাঁর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে অপহৃত মাদুরোর এই ছবি প্রকাশ করা হয় ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ছবিতে মাদুরোকে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমার ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধূসর রঙের পোশাক পরা মাদুরোর হাতে একটি পানির বোতল ছিল। তাঁর চোখ কালো রঙের আবরণে ঢাকা এবং কানে বড় আকারের হেডফোনের মতো কিছু পরানো ছিল। ছবিতে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে। ট্রাম্পের দাবি, মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত গুরুতর অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে ‘জোরালো প্রমাণ’ রয়েছে। তিনি বলেন, এসব অপরাধ একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো।

ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনেজুয়েলায় ‘শান্তিপূর্ণ, নিরাপদ ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর’ না হওয়া পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে। তাঁর ভাষায়, “আমরা চাই না, নতুন কেউ ক্ষমতায় এসে আবার সেই একই পরিস্থিতি তৈরি করুক, যা এতদিন ধরে আমরা দেখে আসছি।”

ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

মাদুরোকে আটক করার অভিযানের বিস্তারিত তুলে ধরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, এটি ছিল কয়েক মাস ধরে পরিকল্পিত একটি যৌথ সামরিক ও গোয়েন্দা অভিযান। শুক্রবার গভীর রাতে পশ্চিম গোলার্ধের স্থল ও সমুদ্রভিত্তিক ২০টি ঘাঁটি থেকে একযোগে ১৫০টিরও বেশি বিমান উড্ডয়ন করে। বিশেষ বাহিনীর হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট উচ্চতায় উড়ে মাদুরোর কম্পাউন্ডে পৌঁছায়।

রাত প্রায় ১টার দিকে অভিযানে অংশ নেওয়া মার্কিন বাহিনী মাদুরো ও তাঁর স্ত্রীকে শয়নকক্ষ থেকে আটক করে। অভিযানের সময় একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটে, তবে কোনো মার্কিন সেনা নিহত হননি। একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলে কয়েকজন আহত হন বলে জানিয়েছেন ট্রাম্প।

অভিযানের পর মাদুরো ও তাঁর স্ত্রীকে ইউএসএস আইও জিমায় নেওয়া হয়। সেখান থেকেই তাঁদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বিচার প্রক্রিয়ার জন্য।

অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো বিরোধী জোটের প্রার্থী এদমুন্দো গনসালেস উরুতিয়াকে ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়েছেন। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, নিকোলাস মাদুরোই এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।#

পার্সটুডে/এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন