ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও মেক্সিকোকে ট্রাম্পের হুঁশিয়ারি
-
আরো দেশের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি
ভেনিজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময় লাতিন আমেরিকার আরও তিনটি দেশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প এসব দেশকে মাদক পাচারের প্রধান উৎস হিসেবে আখ্যায়িত করেন।
তার দাবি, লাতিন আমেরিকার কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ও অবৈধ অনুপ্রবেশ মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর কোনো ধরনের ছাড় দেবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদক সন্ত্রাস এবং সীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে যা করা দরকার, আমরা তাই করব। কেউ যদি আমাদের সতর্কবার্তা উপেক্ষা করে, তাহলে তার ফল ভোগ করতেই হবে।
ভেনিজুয়েলার ঘটনার উদাহরণ টেনে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে অন্য দেশগুলোর ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নিতে পারে ওয়াশিংটন। বিশেষ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর উদ্দেশে কড়া ভাষায় সতর্কবার্তা দেন ট্রাম্প।
তিনি বলেন, কলম্বিয়া সরকার যেন নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করে এবং মাদক কার্টেল দমনে কার্যকর পদক্ষেপ নেয়। ট্রাম্পের এই বক্তব্য কূটনৈতিক শালীনতা লঙ্ঘন করেছে বলে ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
মেক্সিকো ও কিউবার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ তুলে ট্রাম্প বলেন, এসব দেশ থেকে মাদক ও অপরাধ চক্রের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে। তিনি হুঁশিয়ার করে দেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রশ্নে কোনো দেশকেই আর ‘নিরাপদ আশ্রয়’ হিসেবে বিবেচনা করা হবে না।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য লাতিন আমেরিকার প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রাসী পররাষ্ট্রনীতির ইঙ্গিত বহন করছে। ভেনিজুয়েলার ঘটনার পর নতুন করে কলম্বিয়া, মেক্সিকো ও কিউবাকে লক্ষ্য করে দেওয়া এই হুঁশিয়ারি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন তারা।
এদিকে ট্রাম্পের মন্তব্যের পর লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ বক্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।#
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন