আরব দেশগুলোর ৯০% মানুষ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিরোধী: জরিপ
-
মরক্কোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
নতুন এক আঞ্চলিক জরিপে জানা গেছে, আরব বিশ্বের প্রায় সর্বস্তরের মানুষ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কঠোর বিরোধী।
দোহায় অবস্থিত আরব রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ সেন্টারের পরিচালনায় আয়োজিত 'আরব অপিনিয়ন ইনডেক্স ২০২৫' জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৮৭% মানুষ তাদের দেশের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ৬% এমন পদক্ষেপের সমর্থন করেছেন।
এই জরিপের ফলাফল প্রকাশিত হলো এমন সময়ে, যখন মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি অনুসারে ২০২০ সালে কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে।
সমীক্ষায় স্বাভাবিকীকরণের পক্ষে যারা ছিলেন, তাদের প্রায় অর্ধেক বলেছেন, এটি কেবলমাত্র একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরই হওয়া উচিত।
ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার বিরোধিতার হার সবচেয়ে বেশি লিবিয়া ও জর্ডানে যথাক্রমে ৯৬% এবং ৯৫%। এর পর কুয়েত ৯৪%, অধিকৃত ফিলিস্তিন অঞ্চল ৯১%, লেবানন ৮৯%, এবং মরক্কো ও কাতারও ৮৯%।
জরিপে দেখা গেছে, পারস্য উপসাগরীয় ও উত্তর আফ্রিকার উত্তরদাতারা স্বীকৃতির সবচেয়ে বেশি বিরোধী।
ইনডেক্সটি উল্লেখ করেছে কয়েকটি দেশের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন, বিশেষ করে সুদানে- যেখানে ইসরায়েল স্বীকৃতির সমর্থকের হার ২০১৩-২০২২ সালের ১৩% থেকে ২৩%-এ উঠে এখন ৭%-এ নেমে এসেছে।
মরক্কোতে স্বাক্ষরিত স্বাভাবিকীকরণ চুক্তির পর ২০২২ সালে ২০% থেকে সমর্থকের হার ২০২৫ সালে নেমে এসেছে ৬%-এ। বিপরীতে, কুয়েতে বিরোধীদের হার ২০২২ সালের ৮৫% থেকে বেড়ে ৯৪% হয়েছে।
ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার পেছনের প্রধান কারণ হিসেবে উত্তরদাতারা এর উপনিবেশবাদী, বর্ণবাদী, সম্প্রসারণবাদী প্রকৃতি এবং ফিলিস্তিনি অঞ্চল দখলের অব্যাহত কার্যক্রমকে উল্লেখ করেছেন। সংস্কৃতি বা ধর্মীয় কারণে বিরোধের উল্লেখ খুব সীমিত ছিল।
রিপোর্টে জোর দেওয়া হয়েছে যে, এই কারণগুলো আরব জনমতের ধারাবাহিক অবস্থানকে প্রতিফলিত করে এবং যতক্ষণ না ইসরাইলের উপনিবেশবাদী প্রকৃতি অব্যাহত থাকে, এই ধরণের অবস্থানে কোনো মূলগত পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরব ওপিনিয়ন ইনডেক্স ২০২৫ হল এই আঞ্চলিক জরিপের নবম পর্যায়ের ফলাফল। এটি এক বছরেরও বেশি সময় ধরে প্রস্তুত করা হয়েছে এবং ১৫টি আরব দেশে (সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশর, সুদান, টিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, মৌরিতানিয়া ও সিরিয়া) ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মাঠপর্যায়ে সম্পন্ন হয়েছে।
জরিপে ৪০,১৩০ জন অংশগ্রহণকারী-র সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যা আরব অঞ্চলে এখন পর্যন্ত পরিচালিত বৃহত্তম সমীক্ষা প্রকল্প।
এই মতামত জরিপ সম্পন্ন করতে মোট ৪১৩,০০০ ঘণ্টার বেশি সময় লেগেছে এবং এতে ১,০০০ জন গবেষক অংশ নিয়েছেন, যার অর্ধেক নারী। মাঠপর্যায়ের গবেষকরা মোট ১ মিলিয়নেরও বেশি কিলোমিটার ভ্রমণ করেছেন।#
পার্সটুডে/এমএআর/৮