ইসলামাবাদ বিস্ফোরণে নিহত ৩১, আহত দেড় শতাধিক
https://parstoday.ir/bn/news/event-i156776-ইসলামাবাদ_বিস্ফোরণে_নিহত_৩১_আহত_দেড়_শতাধিক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। হামলার পরপরই পুলিশ, পাকিস্তান সেনাবাহিনী ও রেঞ্জারস পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে।
(last modified 2026-02-07T09:12:33+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৬ ১৮:১৬ Asia/Dhaka
  • পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩১ জন
    পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩১ জন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। হামলার পরপরই পুলিশ, পাকিস্তান সেনাবাহিনী ও রেঞ্জারস পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে।

আজ (শুক্রবার) জুমার নামাজের সময় ইসলামাবাদের তেরলাই এলাকায় শিয়াদের ধর্মীয় সমাবেশস্থল ইমামবাড়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেছেন, বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফরেনসিক দল তদন্ত শেষে এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বোমা ছিল—তা নির্ধারণ করবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তাকর্মী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন,  এটি আত্মঘাতি বোমা হামলা। হামলাকারীকে ইমামবাড়ার গেটে থামানো হলে বিস্ফোরণ ঘটায় সে।’

Image Caption

জেলা প্রশাসনের এক মুখপাত্র জানান, ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) ও সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে শহীদদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এই হামলাটি এমন এক সময় ঘটল, যখন সম্প্রতি বেলুচিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক এবং ২২ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

এর আগে আইএসপিআর জানায়, অপারেশন রাদ্দুল ফিতনা-১ এর আওতায় বিভিন্ন অভিযানে অন্তত ২১৬ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এসব হামলার আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক নিন্দা জানানো হয়েছে। এই ধারাবাহিক সহিংসতায় পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।#

পার্সটুডে/জিএআর/৬