ডা. নাবিলের ‘ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন
-
‘ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন
আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতা নিয়ে রচিত ব্যতিক্রমধর্মী বই ‘ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত বইটি প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী।
বাংলা একাডেমি প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও এডুকেশনাল কনসালট্যান্ট মাহসিনা মমতাজ মারিয়া, একই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, লেখক ও টকশো আলোচক মারদিয়া মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক বাদল মিয়া এবং লেখকের স্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বিদেশে বিশেষ করে ইরানের মতো দেশে মেডিকেল শিক্ষার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বাংলা ভাষায় এ ধরনের বই বিরল। লেখকের ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য এবং ভিন্ন সংস্কৃতির মধ্যে নিজেকে গড়ে তোলার গল্প তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পথচলা, সেখানকার স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, ভাষাগত চ্যালেঞ্জ, ক্লিনিক্যাল ট্রেনিং ও রোগী ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিকগুলোও আলোকপাত করা হয়েছে।
লেখক ডা. কামরুজ্জামান নাবিল বলেন, বিদেশে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বইটি একটি বাস্তবভিত্তিক গাইড হিসেবে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, বইটি পাঠকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে।
আসন্ন অমর একুশে বইমেলা-তে বাংলামেড প্রকাশনীর ৫৪৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।#
পার্সটুডে/এমএআর/৭